নভেম্বর ২১, ২০২৬, ০৩:৩৩ পিএম
পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০ প্যাকেট বাংলাদেশি লাল পুঁইশাকের মোটা ডোগা বীজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার ২১ নভেম্বর ভোররাতে সদর থানাধীন শ্যামেরডাঙ্গা ও বোদা উপজেলার লাহেড়ী পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব বীজ জব্দ করা হয়।
জব্দকৃত বীজের আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা।
শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ এই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং ৫৬ বিজিবির অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. জহুরুল ইসলামের নেতৃত্বে টহল দলটি সীমান্তের মেইন পিলার ৭৭০ এর ১ নম্বর সাব পিলার থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের লাহেড়ী পাড়া এলাকায় অবস্থান নেয়। অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০ প্যাকেট লাল পুঁইশাকের বীজ উদ্ধার করা হয়।
নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং চোরাচালান রোধে সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন