শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বরগুনায় টানা বৃষ্টি ও সতর্কসংকেত জারি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ১২:১১ পিএম

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বরগুনায় টানা বৃষ্টি ও সতর্কসংকেত জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বরগুনায় গত তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এবং শনিবার সকাল থেকে মুষলধারে বর্ষণ শুরু হওয়ায় জনজীবনে ভোগান্তি বেড়েছে।

বৃহস্পতিবার থেকে থেমে থেমে বৃষ্টি চললেও আজ সকালে বৃষ্টি তীব্র রূপ নেয়।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

টানা বৃষ্টিতে কৃষক, জেলে, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি চাপে পড়েছেন। জমিতে পানি জমে শীতকালীন সবজির বীজতলা নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে, পাশাপাশি বৃষ্টি ও বাতাসে পাকা ও আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে।

তালতলী উপজেলার সওদাগর পাড়ার কৃষক শাহাদাত হোসেন জানান, টানা বৃষ্টিতে কৃষিকাজ নিয়ে দুশ্চিন্তা বেড়েছে এবং নিচু জমিতে পানি জমে শীতকালীন সবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কষ্ট ও টাকা খরচ করে আবাদ করা ফসল বৃষ্টি চলতে থাকলে নষ্ট হয়ে বড় লোকসানে পড়ার কথা বলেন তিনি।

বরগুনা সদরের বুড়িরচর এলাকার কৃষক আলাউদ্দিন আকন বলেন, মাঠে নানা ফসল থাকলেও টানা বৃষ্টির কারণে কাজ করা যাচ্ছে না এবং কোথাও কোথাও পানি জমে গেছে। আরও কয়েক দিন বৃষ্টি হলে ফসলের গোড়া পচে যাওয়ার শঙ্কা জানিয়ে তিনি বলেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় ক্ষতি হলে পথে বসতে হবে।

বৈরী আবহাওয়ায় মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের আয় বন্ধ হয়ে গেছে। জেলে পলাশ মাঝি ও জহিরুল ইসলাম জানান, সাগর ও নদী উত্তাল থাকায় নৌকা ও ট্রলার নিয়ে নামা যাচ্ছে না।

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ের সতর্কতার পর বঙ্গোপসাগরে থাকা ট্রলারগুলো নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে এবং সম্ভাব্য দুর্যোগ এড়াতে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। মাছ ধরা বন্ধ থাকায় জেলেরা আর্থিক সংকটে পড়ছেন এবং দীর্ঘদিন বন্ধ থাকলে জ্বালানি, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ সামলানো কঠিন হবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে বরগুনার ৭২ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৪৪ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ হওয়ায় আতঙ্কে রয়েছেন হাজারো বাসিন্দা। ভাঙন ঠেকাতে দুটি প্রকল্প অনুমোদনের কথা জানিয়ে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরুর কথা বলেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান।