শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

অ্যাসিডিটি বাড়াতে পারে যেসব অভ্যাস ও খাবারের ভুল জানা জরুরি

স্বাস্থ্য ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ১১:৫৫ এএম

অ্যাসিডিটি বাড়াতে পারে যেসব অভ্যাস ও খাবারের ভুল জানা জরুরি

পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে ফিরে এলে অ্যাসিডিটি সৃষ্টি হয়, আর বুকে জ্বালাপোড়া, মুখে টক স্বাদ ও খাওয়ার পর অস্বস্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। নিয়মিত অ্যাসিড রিফ্লাক্স বা তীব্র অ্যাসিডিটিতে ভুগলে কিছু সাধারণ অভ্যাস সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

দীর্ঘ সময় না খেয়ে থাকার পর একসঙ্গে অনেক বেশি খাবার খেলে পাকস্থলী প্রসারিত হয়ে যায়, যা অ্যাসিডিটির ঝুঁকি বাড়ায়।

দিনের বেলায় খাবার বাদ দিলে পরে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয়। এর বদলে নিয়মিত ও সুষম খাবার অল্প পরিমাণে খাওয়া, ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খাওয়া এবং পেট পুরোপুরি ভরার আগেই খাওয়া থামানো প্রয়োজন; পেট একদম ঠাসাঠাসি করে না ভরার পরামর্শ দেওয়া হয়েছে।

সমুচা, পাকোড়া, পুরি, ঘন ঝোলের খাবার ও ডুবো তেলে ভাজা স্ন্যাকস জনপ্রিয় হলেও উচ্চ চর্বিযুক্ত খাবার পাকস্থলী খালি হওয়ার গতি কমিয়ে দিয়ে অ্যাসিডিটি বাড়াতে পারে বলে রিসার্চগেটে প্রকাশিত একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে। সব চর্বি বাদ না দিয়ে ভাজাভুজি বা ঘন ঝোলের খাবারে সমস্যা বাড়লে তা কমিয়ে গ্রিল, ভাপানো বা হালকা রান্না করা খাবার বেছে নেওয়া যেতে পারে।

মসলাদার কারি, চাটনি ও কড়া মসলাযুক্ত স্ন্যাকস অনেকের বুক জ্বালাপোড়ার কারণ হতে পারে, যদিও মসলা সবার ক্ষেত্রে একইভাবে কাজ করে না। ঝাল বা মসলায় সমস্যা হলে মরিচ ও কড়া মসলা কমিয়ে কোন উপাদানটি অস্বস্তি তৈরি করছে তা বুঝে খাদ্যাভ্যাসে বদল আনা উচিত।

মিষ্টি, কেক, চকোলেট ও ভারী ডেজার্ট অতিরিক্ত খেলে—বিশেষ করে ভারী খাবারের পরপরই—অস্বস্তি বাড়তে পারে। চকোলেট কারও কারও ক্ষেত্রে রিফ্লাক্স শুরু করতে পারে, তাই একবারে অনেক ডেজার্ট না খেয়ে অল্প পরিমাণে শরীরের প্রতিক্রিয়া দেখা এবং মিষ্টি বা ভারী খাবারের পরপরই শুয়ে না পড়ার কথা বলা হয়েছে।

চা, কফি ও কার্বোনেটেড পানীয় অ্যাসিডিটির উপসর্গ বাড়িয়ে দিতে পারে। কার্বোনেটেড পানীয়ে ঢেকুর ওঠা ও পেটে অস্বস্তি হতে পারে এবং খালি পেটে ক্যাফেইন কারও ক্ষেত্রে অ্যাসিডিটি ডেকে আনতে পারে; নিয়মিত পানি পান করে সহ্যক্ষমতা অনুযায়ী পরিমিতভাবে এসব পানীয় গ্রহণের কথা বলা হয়েছে।

অফিসিয়াল জার্নাল অফ দ্য আমেরিকান কলেজ অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাতে ভারী খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়লে পাকস্থলীর খাবার বা অ্যাসিড খাদ্যনালীতে ফিরে আসার আশঙ্কা বাড়ে।

ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা, খাওয়ার পর কিছুক্ষণ সোজা হয়ে বসে বা দাঁড়িয়ে থাকা কিংবা হালকা হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে, তবে ভারী খাবারের পরপরই অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম এড়িয়ে চলতে হবে। রাতে রিফ্লাক্সের প্রবণতা থাকলে বিছানার মাথার দিক কিছুটা উঁচু করে রাখলে উপসর্গ কমতে পারে।

অনেকে লেবু পানি, ভিনেগার বা পুদিনা পাতার পানীয়ের মতো ঘরোয়া প্রতিকারের ওপর ভরসা করলেও তা সবার জন্য উপকারী নয় এবং কারও ক্ষেত্রে সমস্যা আরও বাড়াতে পারে। লেবুর রস ও ভিনেগার নিজেই অম্লীয়, আর পুদিনা পাতা কারও কারও রিফ্লাক্সের তীব্রতা বাড়াতে পারে; গুরুতর উপসর্গে বারবার ঘরোয়া পদ্ধতিতে পরীক্ষা না করে ঘনঘন অ্যান্টাসিড বা ওষুধ লাগলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।