মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

জ্বর কমানোর ১০টি কার্যকর ঘরোয়া পদ্ধতি ও করণীয়

ফিচার ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ১১:৫৫ এএম

জ্বর কমানোর ১০টি কার্যকর ঘরোয়া পদ্ধতি ও করণীয়

জ্বর কমাতে ঘরোয়া উপায় ও করনীয়

শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৭ থেকে ৯৯ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলেই তাকে জ্বর হিসেবে গণ্য করা হয়। চিকিৎসকদের মতে, জ্বর নিজে কোনো রোগ নয় বরং শরীরের ভেতরে থাকা কোনো সংক্রমণের উপসর্গ বা সতর্কবার্তা। অ্যান্টিবডি দুর্বল হলে কিংবা সর্দি-কাশির মতো সাধারণ কারণে মানুষের শরীরে জ্বর আসতে পারে। একেক জনের ক্ষেত্রে জ্বরের স্থায়িত্ব ভিন্ন হতে পারে এবং এ সময় কাঁপুনি, মাথাব্যথা ও অস্বস্তি দেখা দেয়।

জ্বর হলে সবসময় চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন হয় না এবং বেশির ভাগ ক্ষেত্রে বিশ্রাম ও ঘরোয়া যত্নেই সেরে ওঠা সম্ভব। এ সময় কাজের চাপ কমিয়ে শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে যাতে রোগ প্রতিরোধব্যবস্থা সংক্রমণের বিরুদ্ধে লড়তে পারে। পাশাপাশি মানসিক চাপ বা উদ্বেগ অনেক সময় জ্বরের লক্ষণগুলোকে আরও বাড়িয়ে তুলতে পারে।

জ্বরের তীব্রতা কমাতে মাথায় পানিপট্টি দেওয়ার প্রচলিত নিয়মটি বেশ কার্যকর। বারবার কপালে ভেজা কাপড় রাখলে শরীরের তাপমাত্রা কিছুটা কমে এবং অসুস্থ ব্যক্তি আরাম পান। এ ছাড়া জ্বরের সময় শীত শীত লাগলেও ভারী কম্বল বা শীতের কাপড় ব্যবহার করা উচিত নয় যাতে শরীর আরও বেশি গরম না হয়ে যায়।

বমি বা ডায়রিয়ার কারণে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে বিধায় পর্যাপ্ত তরল গ্রহণ অত্যন্ত জরুরি। বেশি করে পানি পানের পাশাপাশি ডাবের পানি, জুস, স্যুপ, খাবার স্যালাইন কিংবা ক্যাফেইনমুক্ত চা পান করা যেতে পারে। হালকা কুসুম গরম পানিতে গোসল করলেও শরীরের অস্বস্তি কিছুটা কমে আসে।

খাবারের রুচি কমে গেলে খাবারের তালিকায় আদা ও রসুন রাখা যেতে পারে কারণ আদায় প্রদাহ কমানোর উপাদান থাকে। তুলসী পাতা গরম পানিতে ফুটিয়ে ঠান্ডা করে পান করা কিংবা এক চামচ মধু ও লেবুর রস হালকা গরম পানিতে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

বিশ্রাম ও পর্যাপ্ত তরল পানের পরও জ্বর না কমলে প্যারাসিটামল বা আইবুপ্রোফেনের মতো ওষুধের প্রয়োজন হতে পারে। তবে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে এবং শিশুদের ক্ষেত্রে বয়স বুঝে সঠিক মাত্রা নিশ্চিত করতে হবে।