সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

থাইরয়েড ক্যানসারের নীরব ৬ লক্ষণে সতর্ক হোন

ফিচার ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০২:৫৯ পিএম

থাইরয়েড ক্যানসারের নীরব ৬ লক্ষণে সতর্ক হোন

থাইরয়েড ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো চিনে রাখা জরুরি।

শরীরের বিপাকক্রিয়া ও হরমোনের ভারসাম্য রক্ষাকারী থাইরয়েড গ্রন্থিতে ক্যানসার তৈরি হলে অনেক সময় তা দীর্ঘদিন নীরবে ছড়ায়। প্রাথমিক অবস্থায় এর লক্ষণগুলো স্পষ্টভাবে বোঝা যায় না বলে অনেকেই সাধারণ গলা ব্যথা বা ঘাড়ের ফোলাভাব অবহেলা করেন। অথচ সময়মতো এই রোগ শনাক্ত করা না গেলে চিকিৎসায় জটিলতা তৈরি হতে পারে।

থাইরয়েড হলো গলার সামনে থাকা প্রজাপতির আকৃতির একটি ছোট গ্রন্থি, যা হৃদস্পন্দন ও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করে। বৈশ্বিক ক্যানসার ডেটা অনুযায়ী গত দুই দশকে নারীদের ও তরুণদের মধ্যে এই ক্যানসারের হার ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রাথমিক উপসর্গগুলো প্রায়ই ব্যথাহীন হওয়ার কারণে রোগীদের চিকিৎসকের কাছে যেতে দেরি হয়।

এই ক্যানসারের অন্যতম সাধারণ লক্ষণ হলো ঘাড়ের সামনে ব্যথাহীন ছোট চাকা বা গাঁটের মতো ফোলা দেখা দেওয়া। এ ছাড়া হঠাৎ করে স্বর কর্কশ হয়ে যাওয়া, কণ্ঠস্বর বদলে যাওয়া এবং গলায় কিছু আটকে আছে এমন অনুভূতি হতে পারে। খাবার বা পানি গিলতে অস্বস্তি হলে এবং দীর্ঘদিন ধরে ঘাড়ের লিম্ফ নোড ফুলে থাকলেও সতর্ক হওয়া প্রয়োজন।

কানের দিকে ব্যথা ছড়িয়ে পড়া কিংবা জামার কলার হঠাৎ টাইট লাগার মতো অস্বস্তিও থাইরয়েডের ফোলাভাবের ইঙ্গিত দেয়। প্যাপিলারি, ফলিকুলার, মেডুলারি, হারথল সেল এবং এনাপ্লাস্টিক—এই কয়েক ধরনের থাইরয়েড ক্যানসার রয়েছে। এর মধ্যে প্যাপিলারি ধরনটি সবচেয়ে বেশি দেখা যায় এবং এটি ধীরে বাড়ে, আর এনাপ্লাস্টিক ক্যানসার সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং শরীরের যেকোনো ছোটখাটো পরিবর্তনের দিকে নজর রাখা অত্যন্ত জরুরি। ঘাড়ে অস্বাভাবিক ফোলা বা কণ্ঠস্বরের পরিবর্তন দীর্ঘদিন স্থায়ী হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রাথমিক পর্যায়ে এই রোগ শনাক্ত করতে পারলে চিকিৎসার সফলতার সম্ভাবনা অনেক বেশি থাকে।