সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০১:৩৯ পিএম

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী

জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

গুম-খুন ও রক্তাক্ত পথ ধরে আওয়ামী চক্রকে বাংলাদেশের জনগণ আর কোনো দিন ফিরতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে অংশ নেন।

পেছনের দরজা দিয়ে এবং পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। বিগত সতেরো বছর ধরে চলা জুলুম-অত্যাচারের কথা উল্লেখ করে তিনি বলেন, পলাতক ফ্যাসিস্টরা ব্যাংক থেকে অর্থ পাচার করে বিদেশে সুখের স্বর্গ গড়তে চেয়েছিল, যা এ দেশের মানুষ সফল হতে দেবে না। যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সারাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে বলেও জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের প্রশংসা করে তিনি জানান, কমিটির আহ্বায়ক আবদুস সালাম, তানভীর আহমেদ রবিন, আব্দুল কাদের ও সাইফুল ইসলাম প্রত্যেকেই রাজপথের পরীক্ষিত নেতা। দীর্ঘ আন্দোলন সংগ্রামের সময় তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে এবং তাদের কারাবরণ করতে হয়েছে। মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের অবদানের কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী শক্তি আরও শক্তিশালী হবে।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব ও হামিদুর রহমান হামিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাধিস্থলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।