সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন আচরণ কাম্য নয়: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৯:২৩ এএম

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন আচরণ কাম্য নয়: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো আচরণ কোনো সদস্যের করা উচিত নয়। রোববার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের জবাবে তিনি এই কথা বলেন।

এর আগে মাগরিবের বিরতির আগের প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী চিন্তাবিদ আমির হামজা তার নির্ধারিত প্রশ্ন উত্থাপন করেন। ডেপুটি স্পিকার তার নাম ঘোষণা করার পরই সরকারি দলের কতিপয় সংসদ সদস্যকে হইচই ও টিপ্পনী কাটতে দেখা যায়।

পরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সেই প্রশ্নের উত্তর দেন এবং আমির হামজা আরও একটি সম্পূরক প্রশ্ন করেন। মাগরিবের বিরতির পর সংসদের সভাপতিত্ব গ্রহণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই ঘটনার ওপর দৃষ্টি দেন।

এ সময় চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আপনি আমাদের এই হাউজের ৩৫০ জন সংসদ সদস্যের গার্ডিয়ান, আমাদের সংসদ সদস্যদের সবার সম্মান রক্ষার বিষয়টি সবচেয়ে বেশি আপনিই দেখবেন।

শাহজাহান চৌধুরী অভিযোগ করেন, একজন সম্মানিত ওয়াজেদিন ও সংসদ সদস্যের নাম ধরে যেভাবে কটূক্তি করা হয়েছে তা বিশেষ অধিকার ক্ষুণ্ন করার শামিল। জবাবে স্পিকার বলেন, ১৫ বছরের দীর্ঘ লড়াইয়ের পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে এবং দেশের মানুষ অনেক আশা নিয়ে তাকিয়ে রয়েছে।

স্পিকার অতীতের রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে বলেন, এর আগের ১৫ বছর ছিল অন্ধকার সময় এবং আমরা সবাই তা সহ্য করেছি। অতীতে রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ করে অশ্রাব্য ও আপত্তিকর মন্তব্য করা হতো যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, প্রশ্নোত্তর পর্বে বা পয়েন্ট অব অর্ডারে কোনো সদস্যের বক্তব্যে আপত্তিকর শব্দ থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। সংসদের মর্যাদা রক্ষায় ট্রেজারি বেঞ্চ, বিরোধী দল এবং স্বতন্ত্র—সব পক্ষেরই সমান দায়িত্ব রয়েছে বলে জানান তিনি।

স্পিকার কড়া নির্দেশ দিয়ে বলেন, আপনাদের মধ্যে আরও বেশি পরমতসহিষ্ণুতা প্রদর্শন করা প্রয়োজন এবং ধৈর্য ধরে অন্যের বক্তব্য শুনতে হবে। অনুগ্রহ করে কোনো সদস্যের মানসম্মান বিনষ্ট হয় এমন আচরণ কেউ করবেন না এবং প্রয়োজন সাপেক্ষে অন্য সদস্যদেরও জবাব দেওয়ার সুযোগ দেওয়া হবে।