নভেম্বর ১৬, ২০২৬, ০৯:৪৭ এএম
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৫ নভেম্বর) জামায়াতের জেলা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি জামায়াতের দুটি পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভ্যন্তরীণ তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। জামায়াতের পক্ষ থেকে সব পর্যায়ের নেতাকর্মীকে ডা. ইসমাইলের সঙ্গে যেকোনো ধরনের যোগাযোগ বন্ধ রাখতে বলা হয়েছে।
তবে ডা. ইসমাইল দাবি করেছেন যে তিনি কখনো জামায়াতের কর্মী ছিলেন না, তবে অতীতে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন এবং দলটির শুভাকাঙ্ক্ষী ছিলেন। এর আগে গত ১২ নভেম্বর ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) থেকেও তাকে সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই দিনই চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দখলের শঙ্কায় তার চেম্বার বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের গঠনতন্ত্র লঙ্ঘন করে শেয়ার বিক্রির অভিযোগ তোলার পাশাপাশি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠানের মালিকানা দাবির ঘটনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীদের এই সাংগঠনিক সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন