সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
জাতিসংঘে ভোট

মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটদানে বিরত বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৯:৩১ এএম

মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটদানে বিরত বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা একটি প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। গত শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ভোটে প্রস্তাবটির পক্ষে সমর্থন জানিয়েছে মোট ১৩৩টি দেশ। অন্যদিকে এর বিপক্ষে ভোট দিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ। এছাড়া বাংলাদেশসহ আরও ১৬টি দেশ এই ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকে।

মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক এই প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে আলোচনার পর ভোটের মাধ্যমে গৃহীত হয়। প্রতিবেশী দেশ ভারতের পাশাপাশি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরবসহ আরও কয়েকটি রাষ্ট্র।

উত্থাপিত এই প্রস্তাবে মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি দেশের নিজস্ব আইনব্যবস্থা ও শাস্তি নির্ধারণের অধিকারের বিষয়টিও স্বীকার করা হয়েছে।

প্রস্তাবে সব দেশকে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে, যার চূড়ান্ত লক্ষ্য হলো এই শাস্তির বিধান সম্পূর্ণ বিলুপ্ত করা। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের ভবিষ্যতে আবার এই শাস্তি চালু না করার আহ্বানও জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার সামগ্রিক প্রবণতা থাকলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

এ ছাড়া ১৮ বছরের কম বয়সে অপরাধ সংঘটিত করেছে এমন ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার কড়া আহ্বান জানানো হয়েছে। অপরাধের সময় কোনো ব্যক্তির বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা যদি নিশ্চিতভাবে নির্ধারণ করা না যায়, তবুও মৃত্যুদণ্ড না দেওয়ার কথা বলা হয়েছে।

গর্ভবতী নারী, মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার সুনির্দিষ্ট আহ্বানও রয়েছে এই প্রস্তাবে।

পাশাপাশি যেসব নির্দিষ্ট অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা মৃত্যুদণ্ডের সমতুল্য কঠোর শাস্তি দেওয়া যেতে পারে, সেই অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর কথা বলা হয়েছে। কোনো অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান তুলে দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।