নভেম্বর ১৬, ২০২৬, ০৮:৪৩ এএম
যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবৈধ প্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। রোববার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে অপপ্রচার চালানো হচ্ছে বলে সভায় জানানো হয়।
সংগঠনটির কোনো নেতাকর্মী বা সহযোগী যাতে সীমান্ত পেরিয়ে দেশে ঢুকতে না পারে, সে জন্য কড়া নজরদারি ও অভিযান চলছে বলে জানান বিজিবি কর্মকর্তা। আসছে ডিসেম্বর মাসে তাদের দেশে ফেরার বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে। কলকাতা বা পশ্চিমবঙ্গকেন্দ্রিক অবস্থান করা এসব ব্যক্তি বেনাপোল ছাড়াও সাতক্ষীরা ও যশোর সীমান্ত ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মেহেরপুর, যশোর ও সাতক্ষীরা সীমান্ত এলাকাকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কারণে পুরো সীমান্ত অঞ্চল কঠোর নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক। চোরাচালান ও সীমান্তকেন্দ্রিক অন্যান্য অপরাধ প্রতিরোধেও নিয়মিত অভিযান পরিচালনা করছে সীমান্তরক্ষী বাহিনী।
সীমান্তের নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। সীমান্ত এলাকায় কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা বা অনুপ্রবেশের তথ্য পেলে তা দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের সীমান্ত সুরক্ষায় সাংবাদিকদের আরও জোরালো ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন