নভেম্বর ১৬, ২০২৬, ০৬:১৯ এএম
অবসর জীবন আর্থিকভাবে সচ্ছল করতে পর্যাপ্ত অর্থ জমেনি ধনী মার্কিন নাগরিকদেরও। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এইচএসবিসির নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, স্বাচ্ছন্দ্যে অবসর কাটাতে ধনী ব্যক্তিদের ২৬ লাখ ডলার প্রয়োজন হবে। এই অঙ্ক গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি এবং সাধারণ কর্মীদের লক্ষ্যের প্রায় দ্বিগুণ।
এইচএসবিসির ব্যবস্থাপনা পরিচালক জেসি ঝু জানান, ধনী পরিবারগুলোর জন্য কেবল বড় তহবিল গড়াই মূল বিষয় নয়, বরং বহু দশক ধরে জীবনযাত্রা বজায় রাখাই আসল চ্যালেঞ্জ। গড়ে ধনী সঞ্চয়কারীরা তাঁদের লক্ষ্যমাত্রার অর্ধেক পথে রয়েছেন।
বয়সের দিক থেকে সবচেয়ে প্রবীণ বেবি বুমার প্রজন্ম তাদের লক্ষ্যের ৭৪ শতাংশ অর্জন করেছে। অন্যদিকে মিলেনিয়াল প্রজন্মের ক্ষেত্রে এই হার মাত্র ৪২ শতাংশে আটকে আছে।
অন্যান্য গবেষণায় দেখা গেছে, অর্থনৈতিক সিঁড়ির নিচের দিকে থাকা কর্মীদের অর্ধেকই অবসরকালে পাঁচ লাখ ডলারের কম সঞ্চয় করেন। এমনকি অনেকের কাছে আড়াই লাখ ডলার জমানোও অসম্ভব ঠেকে।
তহবিলের ঘাটতি মেটাতে প্রায় দুই-তৃতীয়াংশ ধনী ব্যক্তি ধীরে ধীরে কাজের সময় কমিয়ে অবসর জীবন দীর্ঘায়িত করার পরিকল্পনা করছেন। তবে নমনীয় সময়সূচির আনুষ্ঠানিক কর্মসূচি অনেক প্রতিষ্ঠানেই অনুপস্থিত।
অধিকাংশ মানুষই ৬৭ বছর বয়সে পৌঁছানোর আগেই বার্ষিক আয়ের দশগুণ সমপরিমাণ অর্থ জমানোর লক্ষ্য রাখেন। জীবনযাত্রার খরচ ও স্বাস্থ্যের ওপর নির্ভর করেই মূলত এই সঞ্চয়ের পরিমাণ নির্ধারিত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন