রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন মামলার বাদী এসআইকে কুপিয়েছে আ.লীগ নেতাকর্মীরা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৮:৫৭ পিএম

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন মামলার বাদী এসআইকে কুপিয়েছে আ.লীগ নেতাকর্মীরা

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও এসআইকে কোপানোর ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী উপপরিদর্শক মোসলেম উদ্দিনকে কুপিয়ে আহত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার বিকেলে উপজেলার সদর এলাকার গওহরডাঙ্গার চৌরঙ্গী এলাকায় দায়িত্ব পালনকালে এই হামলার ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সেই মিছিলে থাকা নেতাকর্মীরা গওহরডাঙ্গার চৌরঙ্গী এলাকায় দায়িত্ব পালনরত এসআই মোসলেম উদ্দিনকে মারধর ও কুপিয়ে আহত করে ঘটনাস্থল থেকে চলে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় তৎপর রয়েছেন।

এর আগে গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘট চলাকালে টুঙ্গিপাড়ায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেই নাশকতা ও সহিংসতার ঘটনায় থানায় দুই হাজার ২২৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২২৪ জনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছিল এবং বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়। আর আলোচিত ওই মামলার বাদী ছিলেন টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম উদ্দিন নিজেই।