রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

হরমুজে মাইনের আঘাতে ২০ লাখ ব্যারেল তেল নিয়ে সুপারট্যাংকার ডুবি

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৯:০১ পিএম

হরমুজে মাইনের আঘাতে ২০ লাখ ব্যারেল তেল নিয়ে সুপারট্যাংকার ডুবি

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে সমুদ্রের মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পরপরই জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং অপরিশোধিত তেলবোঝাই একটি সুপারট্যাংকার ডুবে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি এক বিবৃতিতে এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। পারস্য উপসাগরের এই সংকীর্ণ ও ব্যস্ত জলপথটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান রুট হিসেবে পরিচিত। আইআরজিসির বিবৃতি অনুযায়ী হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের নিষিদ্ধ এলাকায় চলাচলের সময় জাহাজ দুটি মাইনের মুখোমুখি হয়।

বিস্ফোরণের পর একটি সুপারট্যাংকারে থাকা ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলসহ সেটি পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় তলিয়ে যায়। এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়ে থাকে। ডুবে যাওয়া ট্যাংকারের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষ এড়াতে ওই এলাকার জেলেদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইআরজিসি।

তবে ক্ষতিগ্রস্ত দ্বিতীয় ট্যাংকারটির বর্তমান অবস্থা, ক্ষয়ক্ষতি কিংবা এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের জন্য অত্যন্ত সংবেদনশীল এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ এই ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকার নিরাপত্তা জোরদার ও পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য পদক্ষেপ নিচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা