রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

২০৩৫ সাল পর্যন্ত বড় পুরুষ টুর্নামেন্টের উইন্ডো অনুমোদন আইসিসির

খেলাধুলা ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৯:১৭ পিএম

২০৩৫ সাল পর্যন্ত বড় পুরুষ টুর্নামেন্টের উইন্ডো অনুমোদন আইসিসির

আইসিসি লোগো

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সভায় ২০৩৫ সাল পর্যন্ত আইসিসির প্রধান পুরুষ টুর্নামেন্টগুলোর উইন্ডো অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এর মধ্যে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

নির্ধারিত সূচি অনুযায়ী ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে ২০৩৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। পরবর্তী সময়ে প্রতি বছরই আইসিসির একটি করে বৈশ্বিক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ক্রিকেট কাঠামোর প্রতিযোগিতা ও প্রেক্ষাপট আরও জোরদার করতেই এই দীর্ঘমেয়াদী সূচি প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এর ফলে খেলোয়াড় ও সদস্য দেশগুলো উন্নত খেলোয়াড় পাথওয়ে এবং উচ্চ-পারফরম্যান্স প্রোগ্রাম তৈরি করতে পারবে।

২০২৮ সালের পর ২০৩০ সালে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের যৌথ আয়োজনে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপের পর ২০৩১ সালে ভারত ও বাংলাদেশের যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজনের কথা রয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ২০৩৫ সাল পর্যন্ত প্রতি দুই বছর পর পর জুন মাসে নিয়মিত অনুষ্ঠিত হবে। এছাড়া ভারত ২০২৫ সালের পর ২০৩৩ সালের অক্টোবর মাসেও চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আয়োজন করবে।