নভেম্বর ১৫, ২০২৬, ০৯:২৫ পিএম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে গুগলের একটি প্রতিনিধিদল। রোববার রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর সরকারি বাসভবন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গুগলের স্পেশাল প্রজেক্টসের গ্লোবাল লিড টিমোথি পাওলিনির নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়।
বৈঠকে বর্তমান সরকারের শিক্ষাবিষয়ক অগ্রাধিকার ও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থাকে রূপান্তর করতে কাজ করছে বর্তমান সরকার। এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন তিনি।
শিক্ষকদের প্রশিক্ষিত করে তুলতে `ওয়ান টিচার, ওয়ান ট্যাব` এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ চালুর উদ্যোগের কথা জানান মন্ত্রী। শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও কনটেন্ট উন্নয়নে গুগলের সহযোগিতার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন গুগল কর্মকর্তারা। শিক্ষক প্রশিক্ষণ, অনলাইন শিক্ষাসামগ্রী উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন