রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
জরুরি সতর্কতা

নির্বাচন কমিশনের জরুরি সতর্কবার্তা

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৭:১৪ পিএম

নির্বাচন কমিশনের জরুরি সতর্কবার্তা

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন করে দেওয়ার নামে একদল প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এমন প্রতারণা থেকে বাঁচতে সর্বসাধারণকে সতর্ক করার পাশাপাশি এনআইডি সংক্রান্ত সেবার বিষয়ে জানতে নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বসাধারণকে সতর্ক করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে একদল প্রতারক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন করে দেওয়ার নাম করে জনসাধারণের কাছ থেকে অর্থ আত্মসাৎ করছে। এ ক্ষেত্রে প্রতারকচক্র নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, এনআইডি সংশোধনের ক্ষেত্রে বা এনআইডি সংক্রান্ত অন্য যেকোনো সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কখনো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মতো কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না।

এই পরিস্থিতিতে এনআইডি সংক্রান্ত যেকোনো সেবা পেতে সর্বসাধারণকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে এনআইডি বিষয়ে যেকোনো তথ্যের জন্য হটলাইন নম্বর ১০৫-এ কল করে সেবা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।