নভেম্বর ১৫, ২০২৬, ০৬:৪১ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কাতল এবং ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ। শনিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে মন্টু হালদার ও মিঠু হালদার নামের দুই জেলের জালে মাছগুলো ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছের আড়তে নিয়ে আসেন তারা।
বড় আকৃতির এসব মাছ দেখতে আড়তে ভিড় জমান স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ী ও উৎসুক সাধারণ মানুষ। উন্মুক্ত নিলামে অংশ নিয়ে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মোট ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকায় মাছ তিনটি কিনে নেন।
নিলামে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের কাতল মাছটি প্রতি কেজি ২ হাজার ৩৫০ টাকা দরে ৫৮ হাজার ৫১৫ টাকায় কেনেন সম্রাট শাহজাহান। অন্যদিকে ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ প্রতি কেজি ৩ হাজার ৯০০ টাকা দরে ৫৩ হাজার ৮২০ টাকায় কেনেন তিনি। মাছগুলো কেনার পর তিনি অনলাইন প্ল্যাটফর্ম, ভিডিও কল ও মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন।
একপর্যায়ে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে কাতল মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে ৫৯ হাজার ৭৬০ টাকায় বিক্রি করেন। এ ছাড়া চিতল মাছ দুটি প্রতি কেজি ৪ হাজার টাকা দরে ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। সব মিলিয়ে মাছ তিনটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, শনিবার বেলা ১০টার দিকে আড়তে নিলামে অংশ নিয়ে তিনি মাছগুলো কিনেছিলেন। পরে অনলাইনে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে এগুলো বিক্রি করা হয়। গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, পদ্মা নদীর মাছের স্বাদ ও গুণগত মানের কারণে দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে।
বড় আকৃতির চিতল, কাতল, বোয়াল ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ সব সময়ই ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন