রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
মধ্যপ্রাচ্য সংঘাত

সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্র ও মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা রয়েছে তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৬:৫২ পিএম

সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্র ও মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা রয়েছে তেহরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা কয়েক মাসের হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নতুন তথ্য সেই দাবির সঙ্গে পুরোপুরি মিলছে না। তাদের মূল্যায়ন, যুদ্ধের ক্ষয়ক্ষতির পরও ইরানের হাতে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে।

আর নতুন করে সংঘাত শুরু হলে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পূর্ণ সক্ষমতা রয়েছে তেহরানের। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের বরাত দিয়ে রোববার (১৫ নভেম্বর) এই তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

এর ফলে ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বের দাবি গুরুতর প্রশ্নের মুখে পড়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের হামলায় ইরানের অস্ত্র অবকাঠামোর মারাত্মক ক্ষয়ক্ষতি হলেও দেশটির হাতে এখনো উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র সংরক্ষিত রয়েছে।

তবে এই মূল্যায়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আত্মবিশ্বাসের মাত্রা কিছুটা কম। কারণ ইরানের কতগুলো ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিক উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে আর কতগুলো সুড়ঙ্গ বা গুদামে সংরক্ষিত আছে, তা নিখুঁতভাবে নির্ধারণ করা কঠিন।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্রভান্ডার পুনর্গঠনের প্রক্রিয়া বর্তমানে কিছুটা ধীরগতিতে এগোলেও দেশটির হাতে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এর ফলে পুরো অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা দেশটির অক্ষুণ্ণ রয়েছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের নিজস্ব ধারণা অনুযায়ী, ইরানের হাতে দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যদিও আঞ্চলিক বিভিন্ন মূল্যায়নে এ হিসাবের ভিন্নতা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন এ বিষয়ে মন্তব্য করেছেন যে, অপেক্ষাকৃত কম হিসাবটিও যদি সঠিক হয়, তবে বোঝা যায় যুদ্ধের আগে ইরানের হাতে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ছিল, তার অর্ধেকের বেশি দেশটি পুনরায় মজুত করতে সক্ষম হয়েছে।

ইরানের এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দীর্ঘদিনের দুর্বলতাগুলো বারবার সামনে এসেছে। তা সত্ত্বেও এখন পর্যন্ত তেহরানের ওপর নতুন করে কোনো বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিবর্তে কঠোর নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কৌশল বেছে নিয়েছে ওয়াশিংটন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় মিত্রদেশগুলো নতুন করে সংঘাত শুরু না করার বিষয়ে ওয়াশিংটনকে বারবার সতর্ক করেছে। অন্যদিকে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে নিরন্তর চাপ দিয়ে যাচ্ছে।