নভেম্বর ১৫, ২০২৬, ০৬:২৫ পিএম
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন ‘জ্যাপস’ নামের একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণে নতুন এই ফিচারটির সন্ধান মিলেছে।
ফিচারটি অনেকটা ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’-এর মতো কাজ করবে এবং এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ছবি ও ছোট ভিডিও ধারণ করে পাঠাতে পারবেন।
জ্যাপসের ছবি ও ভিডিওর ক্ষেত্রেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা বজায় থাকবে, ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ এসব দেখতে পাবেন না। চ্যাটস ট্যাবে বজ্রপাতের প্রতীকযুক্ত ইনস্ট্যান্ট ক্যামেরা আইকনে চাপ দিয়েই এই সুবিধা ব্যবহার করা যাবে। ব্যক্তিগত পরিচিতি, গ্রুপ এবং চ্যানেলেও এই জ্যাপস পাঠানোর সুযোগ থাকতে পারে।
একাধিক জ্যাপস একসঙ্গে পাঠানো হলে সেগুলো আলাদা বার্তার পরিবর্তে একটি বার্তায় গুচ্ছাকারে প্রদর্শিত হবে। প্রাপক চাইলে ইমোজির মাধ্যমে এতে প্রতিক্রিয়া জানাতে পারবেন অথবা লিখে উত্তর দিতে পারবেন।
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার করতে আরও একটি নতুন গোপনীয়তা সুবিধা আনার পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে চ্যাট ও কলের সময় কে বা কারা ব্যবহারকারীর ফোন নম্বর দেখতে পারবেন, তা নিয়ন্ত্রণ করা যাবে। ইউজারনেম তৈরি করেছেন এমন ব্যবহারকারীরাই কেবল এই সুবিধা পাবেন।
ফোন নম্বর দৃশ্যমান রাখার জন্য এতে মোট চারটি বিকল্প থাকবে এবং ডিফল্ট অপশন থাকবে ‘কেউ নয়’। তবে যাঁদের কাছে ফোন নম্বর আগে থেকেই সেভ করা আছে, তাঁরা আগের মতোই চ্যাট বা কলের সময় নম্বর দেখতে পাবেন।
নতুন এই ফিচারটি এখনো উন্নয়ন ও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গুগল প্লে স্টোরে থাকা অ্যান্ড্রয়েড বেটা সংস্করণেও ফিচারটি এখনো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি। কবে নাগাদ এটি সবার জন্য চালু হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই ফিচারটির বিষয়ে ব্যবহারকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন