রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
কৃষি সংকট

বাজারে দাম না পেয়ে ক্ষেতের ফুলকপি পায়ে পিষে নষ্ট করছেন কৃষকরা

কৃষি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৫:৩৩ পিএম

বাজারে দাম না পেয়ে ক্ষেতের ফুলকপি পায়ে পিষে নষ্ট করছেন কৃষকরা

পুকুরেও দেখছে না তোর হবে কি গতি আর আমাদের হবে কি উপায় বল — ঠিক এভাবেই নিজের সন্তানদের মতো যত্ন করে উৎপাদিত ফসল পায়ে মাড়িয়ে দিচ্ছেন মেহেরপুরের কৃষকরা। বাজারে নেই প্রত্যাশিত দাম, মিলছে না উৎপাদন খরচও; এমনকি বিনামূল্যে দিতে চাইলেও মিলছে না ক্রেতা। বাধ্য হয়ে ক্ষোভে ও হতাশায় জমিতেই পা দিয়ে মারিয়ে নষ্ট করা হচ্ছে কষ্টের ফসল।

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম সত্তার হাজার টাকায় চুক্তি নিয়ে দেড় বিঘা জমিতে করেছিলেন ফুলকপির আবাদ। সার, বীজ, কীটনাশক আর পরিচর্যায় বিনিয়োগ করেছিলেন বিপুল অর্থ। স্বপ্ন ছিল ভালো ফলনে ঘুরবে ভাগ্যের চাকা। কিন্তু বাজারের দাম না থাকায় এখন সেই স্বপ্ন ভেঙে চুরমার। উৎপাদন খরচ তো দূরের কথা, বিনামূল্যে দিয়েও জমি থেকে কপি সরাতে পারছেন না তিনি।

কৃষক শহিদুল ইসলাম জানান, তাঁর নিজের কোনো জমিজায়গা নেই। কন্ট্রাক্ট নিয়ে দেড় বিঘা জমিতে ফুলকপির চাষ করেছিলেন। বিঘাপ্রতি ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হলেও বাজারে কোনো দাম নেই। ভাইয়ের ছেলের কপি ও তাঁর নিজের কপি নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি।

শুধু শহীদুল নন, মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ফুলকপি ও বাঁধাকপি চাষিদের অবস্থাও একই। ক্ষেত ভর্তি সবজি থাকলেও বিক্রির কোনো নিশ্চিত ব্যবস্থা নেই। কোথাও কম দামে বিক্রি করতে হচ্ছে, কোথাও আবার ক্রেতার অভাবে জমিতেই পচে নষ্ট হচ্ছে ফসল। এতে কৃষকদের কাঁধে ঋণের বোঝা দিন দিন বাড়ছে।

আরেক চাষি জানান, তাঁর চার বিঘা জমিতে কপি চাষ করতে ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হলেও বিক্রি করেছেন মাত্র ১ লাখ ৪০ হাজার টাকায়। খাটনি ও পরিশ্রমের পুরো টাকাই গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে।

কৃষকদের পাশাপাশি বিপাকে পড়েছেন আগাম কপি কিনে রাখা ব্যবসায়ীরাও। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় দূরের বাজারে সবজি পাঠিয়েও অনেক সময় গাড়িভাড়া উঠছে না। ব্যবসায়ী ও মহাজনরা জানান, তিন বিঘা কপির ক্ষেত ৩ লাখ ৩৪ হাজার টাকায় কিনেও লাভের মুখ দেখা তো দূরের কথা, পরিবহন খরচ বেশি হওয়ায় ব্যাপক লোকসান গুনতে হচ্ছে। চাষিও টাকা পাচ্ছেন না, ব্যবসায়ীও শেষ।

অতিরিক্ত সরবরাহের পাশাপাশি ফসলের গুণগত মান নিয়েও তৈরি হয়েছে নতুন সংকট। কৃষকদের ভাষ্য অনুযায়ী, এ বছর শীতের আগমন বিলম্বিত হওয়ায় কপির স্বাভাবিক গঠন ব্যহত হয়েছে। এর সঙ্গে পোকামাকড়ের আক্রমণ মোকাবিলায় অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করতে হয়েছে। এতে অনেক গাছের পাতা পুড়ে নষ্ট হয়েছে কপির বাহ্যিক সৌন্দর্য, যার কারণে বাজারে কাঙ্ক্ষিত দাম মিলছে না। একটি কপি তৈরি করতে ৫ থেকে ৭ টাকা খরচ হলেও পাইকারিতে ২ থেকে ৩ টাকা দামেও ক্রেতা পাওয়া যাচ্ছে না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মেহেরপুরে ২ হাজার ৪০০ হেক্টর জমিতে ফুলকপি ও বাঁধাকপির আবাদ হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ সবজি বাজারে আসায় চাহিদার তুলনায় জোগান বৃদ্ধি পাওয়ায় দাম পতনের অন্যতম কারণ হিসেবে দেখা দিয়েছে।

জেলা কৃষি কর্মকর্তারা জানান, এ বছর শীত দেরিতে পড়ার কারণে কপির গঠন আশানুরূপ হয়নি এবং পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে কৃষকদের অতিরিক্ত পেস্টিসাইড ব্যবহারের ফলে গাছের পাতা জ্বলে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজতলা ও নতুন করে চাষাবাদে এবং জৈব সার ব্যবহারের মাধ্যমে যথাসাধ্য পরামর্শ দেওয়া হচ্ছে।

বাম্পার ফলন হওয়া সত্ত্বেও ন্যায্যমূল্য না পেয়ে চরম হতাশ মেহেরপুর জেলার কৃষকরা। তাঁদের দাবি, উৎপাদন খরচ বিবেচনায় সবজির ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি সংরক্ষণাগার ও কার্যকর বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তা না হলে হাড়ভাঙা পরিশ্রমের ফসল ফলিয়েও ঋণের জাল থেকে মুক্তি মিলবে না কৃষকের।