নভেম্বর ১৫, ২০২৬, ০৬:৫৭ পিএম
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান তিনি। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কথা বলেন তিনি।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী।
বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। একইসঙ্গে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্ত করার সুপারিশ করা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম অংশ নেন।
আরও উপস্থিত ছিলেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা।
উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। তিনি সীমান্তে ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। আরেক হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু জানান, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন একটি শক্তিশালী সামাজিক বিপ্লব। এটি শুধু কোনো একক মন্ত্রণালয় বা বাহিনীর দায়িত্ব নয় বরং একটি সমন্বিত জাতীয় দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয় বৈঠকে। এ ছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুটগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার সিদ্ধান্ত হয়। মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি বাড়ানোর কথা বলা হয়।
বৈঠকে সংশ্লিষ্ট সংস্থাসমূহের সমন্বিত অভিযান পরিচালনা এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালকরা বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন