নভেম্বর ১৫, ২০২৬, ০৯:৪৪ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার নামের এক মালয়েশিয়া প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের দুই হাত বাঁধা, বাম চোখে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের আলামত রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার রাতে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত সাইফুদ্দিন তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। প্রায় ছয় মাস আগে তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তার দুই মেয়েকে নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান এবং রফিকুল নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন। তবে তিনি নিয়মিত তার বড় ভাইয়ের বাড়িতে খাবার খেতেন।
নিহতের বড় ভাই সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে রফিকুল খেতে না আসায় তাকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু ফোনে যোগাযোগ না পেয়ে তিনি খোঁজ নিতে ভাইয়ের বাড়িতে যান। সেখানে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পান। আশপাশে ও বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বাড়ির দরজার সামনে ফিরে আসেন এবং সেখানে ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। হত্যার পেছনের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন