মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
দুর্যোগ প্রশমন দিবস

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ঘোড়াঘাটে সচেতনতামূলক মহড়া ও র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৩, ২০২৬, ০৩:৪০ পিএম

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ঘোড়াঘাটে সচেতনতামূলক মহড়া ও র‍্যালি

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া এবং বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এ বছর দিবসটির জাতীয় প্রতিপাদ্য তুলে ধরা হয় ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি।

কর্মসূচির শুরুতে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করে। আকস্মিক ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের সময় সাধারণ মানুষের তাৎক্ষণিক করণীয় এবং জীবন রক্ষার্থে জরুরি পদক্ষেপগুলো তারা মাঠে উপস্থিত দর্শকদের সামনে সরাসরি তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া এবং উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম।

উপস্থিত কর্মকর্তারা দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার ওপর জোর দেন।

এছাড়াও কর্মসূচিতে অংশ নেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল, একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার, উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান এবং ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান। স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে যোগ দেন।

মহড়া ও আলোচনা পর্ব শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা না গেলেও যথাযথ প্রস্তুতি ও ব্যক্তিগত সচেতনতার মাধ্যমে জানমালের ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।