নভেম্বর ২৯, ২০২৬, ০২:৫৯ পিএম
জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও মহানগর পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে খুলনা জেলা পুলিশ ৩২ জন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছে।
আজ রোববার খুলনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার ৯টি থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রমে বিভিন্ন অপরাধে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৪০টি যানবাহন তল্লাশি করা হয়।
ট্রাফিক আইন অমান্য করায় ১০টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৯টি যানবাহন আটক করা হয়েছে।
অন্যদিকে, কেএমপির মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের ৮টি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান পরিচালনা করে ১৭ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
কেএমপির অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় ১ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ জন, নিয়মিত মামলায় ২ জন, পূর্বের মামলায় ৫ জন, সামারি ট্রায়ালে ২ জন এবং খুলনা মহানগর অধ্যাদেশে ২ জন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
একই সঙ্গে মহানগরীর যেকোনো অপরাধ ও অপরাধী সম্পর্কে নিকটস্থ পুলিশকে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কেএমপি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন