নভেম্বর ২৯, ২০২৬, ০২:২৯ পিএম
গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ওয়েব সিরিজের সম্মান পেয়েছে হিন্দি ডকুড্রামা সিরিজ মেড ইন ইন্ডিয়া: আ টাইটান স্টোরি। ওটিটি বিভাগে সেরা ওয়েব সিরিজের পুরস্কার জিতেছে সিরিজটি। ভারতের উদ্যোক্তা চেতনা আর দেশীয় ব্র্যান্ড গড়ে ওঠার গল্প তুলে ধরেছে এই সিরিজ।
সিরিজটি পরিচালনা করেছেন রবি গ্রেওয়াল। এটি তৈরি করেছেন প্রভলিন সান্ধু। প্রযোজনা করেছে অলমাইটি মোশন পিকচার ও টি-সিরিজ ফিল্মস। সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ ও জিম সার্ভ। আরও রয়েছেন নমিতা দুবে, কাবেরী শেঠ ও লক্ষবীর সরণ।
টাইটান ঘড়ি ব্র্যান্ডের উত্থানের গল্প নিয়ে তৈরি ছয় পর্বের এই সিরিজ। বিনয় কামাথের লেখা বই অবলম্বনে তৈরি হয়েছে এটি। জিম সার্ভ এতে টাইটানের সাবেক প্রধান জেরক্সেস দেসাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। আর নাসিরুদ্দিন শাহ রয়েছেন জেআরডি টাটার ভূমিকায়।
পুরস্কার পাওয়ার পর সিরিজের স্রষ্টা প্রভলিন সান্ধু বলেন, পাঁচ বছরের পরিশ্রমের ফসল এই স্বীকৃতি। অলমাইটি মোশন পিকচারের সবাই এ সম্মানে আনন্দিত। যাঁরা এই যাত্রায় পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সেরা ওয়েব সিরিজের পুরস্কারটি ২০২৩ সালে ৫৪তম উৎসবে চালু হয়। ডিজিটাল মাধ্যমে গল্প বলার ধারাকে স্বীকৃতি দিতেই এই বিভাগ। পুরস্কারের সঙ্গে মিলবে সনদ ও দশ লাখ রুপি নগদ অর্থ। পরিচালক, স্রষ্টা ও প্রযোজকের মধ্যে সমানভাবে ভাগ হবে এই অর্থ।
এবার মোট ৪৬টি সিরিজ থেকে বাছাই করে পাঁচটি চূড়ান্ত তালিকায় রাখা হয়। সেখান থেকে সেরা হয়েছে মেড ইন ইন্ডিয়া: আ টাইটান স্টোরি। সিরিজটি অ্যামাজন এমএক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে ২০২৬ সালের জুনে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন