নভেম্বর ২৯, ২০২৬, ১১:২১ এএম
ভোর চারটার ফ্লাইটে ঢাকা ছাড়ার আগে শনিবার রাতে রিকশায় চড়ে গুলশান ঘুরলেন রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া। গাড়ির বদলে রিকশা বেছে নিয়ে রাতের শহরটাকে কাছ থেকে দেখলেন বিলিয়নেরা খ্যাত এই গায়িকা।
এ সময় তার সঙ্গে ছিলেন কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্সের নাঈম আশরাফ। আলোঝলমলে সড়ক, রাস্তার দুই পাশের ভবন আর রাতের ঢাকার পরিবেশ মিলিয়ে এই রিকশাভ্রমণ তার এবারের বাংলাদেশ সফরে যোগ করেছে অন্য রকম এক অভিজ্ঞতা।
রিকশায় চড়ার আগে বাংলাদেশ সফরের অনুভূতি জানিয়ে ওটিলিয়া বলেন, দারুণ একটি অনুষ্ঠান শেষে দেশে ফিরতে ভালো লাগছে। আবারও বাংলাদেশে আসতে চান তিনি। এ দেশের মানুষের ভালোবাসা তার অনেক দিন মনে থাকবে। রিকশায় বসে ভক্তদের উদ্দেশে তিনি আরও বলেন, তোমাদের সবাইকে অনেক মিস করব, রিকশায় চড়াও মিস করব।
ঢাকায় আসার পর এক সাক্ষাৎকারে শাড়ি পরা আর রিকশায় চড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন ওটিলিয়া। বিদায়ের আগের রাতে রিকশায় চড়ে সেই ইচ্ছা পূরণ করলেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও রাতের ঢাকায় রিকশায় ঘোরার ভিডিও শেয়ার করেছেন এই গায়িকা।
চার বছর পর এবার বাংলাদেশে এসেছেন ওটিলিয়া; এর আগে ২০২২ সালে ঢাকায় এসেছিলেন তিনি। এবারের সফরের উপলক্ষ ছিল ওটিলিয়া রিটার্নস বিলিয়নেরা লাইভ ইন ঢাকা শিরোনামের কনসার্ট।
২৭ নভেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত এই কনসার্টে তার সঙ্গে গান পরিবেশন করেন ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস এবং লেভেল ফাইভ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন