নভেম্বর ২৯, ২০২৬, ১০:১৮ এএম
রাজধানী ঢাকায় আবাসনের চাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য ২ হাজার ১৪২টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব ৯৮ দশমিক ১৩ একর জমির মধ্যে প্রথম পর্যায়ে ১৭ দশমিক ০৬ একরে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। সেখানে নির্মাণ করা হবে ১৫ তলাবিশিষ্ট ১৭টি আবাসিক ভবন।
প্রতিটি ভবনে ১২৬টি করে ফ্ল্যাট থাকবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৫১৫ বর্গফুট। পরিচালন, রক্ষণাবেক্ষণ ও সংস্কার চার্জসহ মাসিক মোট ভাড়া ৫ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে।
জমির মূল্যসহ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রায় ১ হাজার ৪৮৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন প্রস্তাব করা হয়েছে প্রায় ১ হাজার ২৭২ কোটি ৬২ লাখ টাকা। বাস্তবায়নের প্রস্তাবিত মেয়াদ জুলাই ২০২৬ থেকে জুন ২০৩০।
ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হচ্ছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসাম্মৎ ফেরদৌসী বেগম বলেন, রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।
ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের পরিচালক নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ নূর বলেন, বাসিন্দাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ভবনের সঙ্গে পানি, পয়ঃনিষ্কাশন ও নিরাপত্তার অবকাঠামোও অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এর আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। প্রকল্পগুলোর দুটি সরকারি ও ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নতুন ৯টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জ ও ধামরাইয়ে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের ৮ বিভাগের ৩৮টি জেলা ও ৮টি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
আবাসিক ভবনের পাশাপাশি প্রকল্পে অভ্যন্তরীণ সড়ক, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, লিফট, সৌরবিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে। জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ভূমিকম্প সহনশীল ভবন, পরিকল্পিত ড্রেনেজ, জলাধার, সবুজ পার্ক ও উন্মুক্ত স্থানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন