রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,
বিশ্ব সংবাদ

এনভিডিয়ার নিষিদ্ধ ব্ল্যাকওয়েল চিপ মিলল সাংহাইয়ে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৯:১৩ এএম

এনভিডিয়ার নিষিদ্ধ ব্ল্যাকওয়েল চিপ মিলল সাংহাইয়ে

এনভিডিয়া ব্ল্যাকওয়েল র‍্যাক

যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা সত্ত্বেও এনভিডিয়ার সবচেয়ে শক্তিশালী ব্ল্যাকওয়েল চিপ সাংহাইয়ের একটি ডেটা সেন্টারে বসানো হয়েছে বলে জানা গেছে। ঋণের জামানত হিসেবে জমা দেওয়া কাগজপত্রে ওই চিপে চলা সার্ভারের তথ্য উঠে এসেছে, যা চীনে নিষিদ্ধ চিপ পৌঁছে যাওয়ার এ যাবৎ সবচেয়ে স্পষ্ট প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

ব্লুমবার্গের ২৭ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাইয়ের ইয়াংজি নদীর বদ্বীপ প্রকল্প নামের ডেটা সেন্টারে এনভিডিয়ার জিবি৩০০ এনভিএল৭২ র‍্যাক বসানো হয়েছে। চীনের নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথিতে ওই র‍্যাকের সিরিয়াল নম্বর উল্লেখ ছিল। একই স্থানে জিবি২০০ সার্ভার থাকার তথ্যও মিলেছে।

ঋণের কাগজপত্রেই ধরা পড়ল চিপ

সাংহাই শুওইয়াও নামের একটি প্রতিষ্ঠান ওই জিবি৩০০ র‍্যাক জামানত রেখে সাংহাই ইনোভেশন ব্যাংক থেকে ৯৬ মিলিয়ন ইউয়ান ঋণ নিয়েছে, যা প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার। সিরিয়াল নম্বর যাচাই করে দেখা গেছে, র‍্যাকটি তৈরি করেছে তাইওয়ানের গিগাবাইট। তবে গিগাবাইট কাকে, কখন র‍্যাকটি বিক্রি করেছিল, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

দ্বিতীয় প্রতিষ্ঠান সাংহাই কেজান ২০২৫ সালের শেষ দিকে স্থানীয় সরকারি সংস্থার মালিকানাধীন একটি লিজিং প্রতিষ্ঠান থেকে ৯০ মিলিয়ন ইউয়ান ঋণ নেওয়ার কাগজপত্রে জিবি২০০ সার্ভারের কথা উল্লেখ করেছে। কেজানের মালিকানায় রয়েছে টোকিওভিত্তিক একটি প্রতিষ্ঠান। কাগজপত্রে শুধু জামানত হিসেবে রাখা যন্ত্রপাতির তথ্য থাকে, তাই পুরো কেন্দ্রে আসলে কত চিপ আছে, তা এ থেকে জানা যায় না।

আট লাখ সার্ভারের বিশাল প্রকল্প

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইয়াংজি নদীর বদ্বীপ প্রকল্পটি আট লাখ সার্ভার রাখার মতো করে নকশা করা হয়েছে। এত বড় কেন্দ্র পূর্ণ করতে যে পরিমাণ প্রসেসিং শক্তি দরকার, তা হুয়াওয়ের মতো চীনা কোম্পানির চিপ দিয়ে মেটানো অত্যন্ত কঠিন হবে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে।

এই প্রকল্পের সঙ্গে মেগাস্পিডের যোগসূত্রও উঠে এসেছে। সাংহাই শুওইয়াও চলতি মাসে এক বিরল বিবৃতিতে স্বীকার করেছে, তারা মেগাস্পিডের সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর একটি। তবে দুই প্রতিষ্ঠানের সম্পর্ককে তারা সাধারণ বাণিজ্যিক সহযোগিতা বলে দাবি করেছে। মেগাস্পিড ২০২৪ সালে বিনিয়োগকারীদের কাছে এই প্রকল্পের ছবি দেখিয়ে একে নিজেদের সবচেয়ে বড় ডেটা সেন্টার বলে পরিচয় দিয়েছিল, তবে দেশের নাম বলেনি।

কে এই অ্যালিস হুয়াং

২০২৩ সালে সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড প্রতিষ্ঠান মেগাস্পিড প্রতিষ্ঠা করেন অ্যালিস হুয়াং। প্রতিষ্ঠার মাত্র চার দিনের মধ্যে এনভিডিয়ার অনুমোদন পায় প্রতিষ্ঠানটি, পরে তা দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার সবচেয়ে বড় গ্রাহকে পরিণত হয়। মেগাস্পিড চীনে এনভিডিয়ার চিপ পাচার করেছে বলে সন্দেহে মার্কিন কর্তৃপক্ষ তদন্ত করছে। চলতি মাসে ট্রাম্প প্রশাসন মেগাস্পিডকে মার্কিন বাণিজ্য কালোতালিকায় অন্তর্ভুক্ত করেছে।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের কথাও উঠে এসেছে। আগের কিছু প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসাজশের সন্দেহের কথাও বলা হয়েছে। তবে ব্লুমবার্গ জানিয়েছে, মেগাস্পিড নিজে ওই চিপ সাংহাইয়ে পাঠিয়েছে, এমন কোনো প্রমাণ তাদের হাতে নেই। মেগাস্পিডও অন্যায়ের অভিযোগ অস্বীকার করেছে।

এত বড় র‍্যাক কীভাবে পাচার হলো

জেনসেন হুয়াং একসময় দাবি করেছিলেন, এই র‍্যাক পাচার করা প্রায় অসম্ভব। একটি জিবি৩০০ এনভিএল৭২ র‍্যাকের উচ্চতা প্রায় ২ মিটার, ওজন ১ হাজার ৫০০ কেজির বেশি। এর ভেতরে থাকে ৭২টি ব্ল্যাকওয়েল আলট্রা চিপ ও ৩৬টি গ্রেস প্রসেসর। এত বড় যন্ত্র কীভাবে চীনে পৌঁছাল, তা এখনো অজানা।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের যন্ত্র প্রায়ই কয়েক হাত ঘুরে ডেটা সেন্টারে পৌঁছায়। অনেক ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই, এমন দেশের ক্রেতার কাছে প্রথমে বিক্রি হয়, পরে তা চীনে চলে যায়। গিগাবাইট জানিয়েছে, তারা সব লেনদেনে প্রযোজ্য আইন মেনে চলে।

শুধু ব্ল্যাকওয়েল নয়, ওই কেন্দ্রে পুরোনো হপার প্রজন্মের চিপও মিলেছে। সাংহাই লংজিয়ে নামের আরেকটি প্রতিষ্ঠান হপার চিপের সার্ভার জামানত রেখে সাংহাই ইনোভেশন ব্যাংক থেকে ২০০ মিলিয়ন ইউয়ান ঋণ নিয়েছে। কেজানও জানিয়েছে, তাদের কাছে এইচ২০০ চিপের ৩২টি সার্ভার রয়েছে।

২০২৫ সালের মে মাসে কেজান মালয়েশিয়া থেকে সাংহাইয়ের পুদং বিমানবন্দরে ১ কোটি ১০ লাখ ডলারের একটি চালান পেয়েছিল। কাগজপত্রে সেটিকে স্টোরেজ চ্যাসিস বলা হলেও এর পণ্য কোড ছিল কম্পিউটিং সার্ভারের। একটি ইউনিটের দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ১০৮ ডলার, যা স্টোরেজ চ্যাসিসের দামের সঙ্গে মেলে না, তবে হপার চিপের সার্ভারের দামের সঙ্গে মেলে।

নিষেধাজ্ঞার প্রশ্নে চাপে এনভিডিয়া

ব্ল্যাকওয়েল চিপ চীনে পাঠাতে যুক্তরাষ্ট্রের লাইসেন্স লাগে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, অন্তত আপাতত এসব চিপ চীনে যাক, তা তিনি চান না। এনভিডিয়া বছরের পর বছর ধরে দাবি করে আসছে, তাদের পণ্যের কোনো কালোবাজার নেই। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনে চিপ পাচার ঠেকাতে ব্যর্থতার অভিযোগে প্রতিষ্ঠানটি ও এর প্রধান নির্বাহী তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

প্রতিবেদন প্রকাশের পর ২৭ নভেম্বর নিউইয়র্কে লেনদেন শুরুর পর এনভিডিয়ার শেয়ারের দাম ২ দশমিক ৬ শতাংশ পর্যন্ত কমে ১৪৫ দশমিক ৩৯ ডলারে নেমেছিল। জেনসেন হুয়াং চলতি মাসের শুরুতে সংক্ষিপ্ত সময়ের জন্য পদ ছেড়েছিলেন, পরে ২৩ নভেম্বর তাকে প্রধান নির্বাহীর দায়িত্বে ফেরানো হয়।

এদিকে মার্কিন কর্মকর্তাদের ধারণা, চীনে চিপ পাচারের এই ছায়া বাণিজ্যের আকার কয়েক বিলিয়ন ডলার। চীনের আর্থিক প্রতিষ্ঠানগুলো নিষিদ্ধ চিপ জামানত হিসেবে নিয়ে ঋণ দিচ্ছে, এ তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে। এনভিডিয়া এ বিষয়ে ব্লুমবার্গের প্রশ্নের জবাব দেয়নি।

তথ্যসূত্র: ব্লুমবার্গ, দ্য স্ট্রেইটস টাইমস, টেকস্পট