নভেম্বর ২৯, ২০২৬, ০৮:৪৪ এএম
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্কুল জেলা লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট শিক্ষার্থীদের দেওয়া ডিভাইসে গুগল সার্চের কৃত্রিম বুদ্ধিমত্তার সারাংশ সুবিধা এআই ওভারভিউ বন্ধ করে দিয়েছে। প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীর এই জেলাটি এভাবে গুগলের এআই সুবিধা থেকে সরে আসা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় জেলা হলো। গুগল বলেছে, শিক্ষার জন্য তৈরি সার্চ পণ্য থেকে এআই আলাদা করা যাবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে। জেলাটি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। অভিভাবক ও শিক্ষার্থীরা হঠাৎ খেয়াল করেন, স্কুলের দেওয়া ডিভাইসে গুগলে কিছু খুঁজলে ওপরে আর এআই দিয়ে তৈরি সারাংশ দেখা যাচ্ছে না।
স্ক্রিন টাইম সীমিত করা ও স্কুলে প্রযুক্তির ব্যবহারে নজরদারির দাবিতে কাজ করা সংগঠন স্কুলস বিয়ন্ড স্ক্রিনস লস অ্যাঞ্জেলেসের নেতা ব্রিডি লি বলেন, খবরটি শুনে অভিভাবকেরা অবাক হয়েছিলেন। সংগঠনটির কয়েকজন সদস্য গত ১৩ নভেম্বর লস অ্যাঞ্জেলেস স্কুল বোর্ডের কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে বক্তব্য দিয়েছিলেন।
এর পরের সোমবার থেকে স্কুলের ডিভাইসে এআই ওভারভিউ আর দেখা যায়নি। বিষয়টি খেলার মাঠের আলোচনার বিষয় হয়ে উঠেছিল বলে জানান ব্রিডি লি।
স্কুলস বিয়ন্ড স্ক্রিনস লস অ্যাঞ্জেলেস অভিভাবকদের কাছে তাদের সন্তানদের ল্যাপটপের পর্দার ভিডিও চেয়ে পাঠায়। পাঠানো ভিডিওতে দেখা যায়, জেলার ডিভাইসে গুগল সার্চে এআই ওভারভিউয়ের বিকল্প আর নেই। এরপর সংগঠনটি জেলার সঙ্গে যোগাযোগ করলে জেলা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। তবে কীভাবে এটি বন্ধ করা হয়েছে বা কত দিন বন্ধ থাকবে, সে বিষয়ে আর কোনো তথ্য দেয়নি জেলাটি।
এক বিবৃতিতে লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট জানিয়েছে, শিক্ষার্থীদের অভিজ্ঞতা বয়সের উপযোগী ও নিরাপদ রাখতে এআই ওভারভিউ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জেলাটি আরও জানিয়েছে, তৃতীয় পক্ষের সরঞ্জামসহ নিজেদের ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করা হয়। সম্ভবত এমন একটি সরঞ্জাম দিয়েই এআই ওভারভিউ বন্ধ করা হয়েছে।
ব্রিডি লি বলেন, লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এটা করায় আমরা খুব খুশি। এআই সবকিছুর মধ্যে ঢুকে পড়ছে। এটা বিপজ্জনক। এটা শেখার ক্ষতি করছে। আর এটা পাবলিক স্কুলে করপোরেট হস্তক্ষেপ। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কারও সম্মতি ছাড়াই প্রযুক্তি নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্রের শ্রেণিকক্ষে গুগল সবচেয়ে বড় শিক্ষাপ্রযুক্তি সরবরাহকারী। স্বল্পমূল্যের ক্রোমবুক শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ব্যবহৃত ল্যাপটপ। এর পাশাপাশি গুগল ডকস ও গুগল ক্লাসরুমের মতো গুগলের শিক্ষা অ্যাপগুলো ক্লাসের কাজ, বাড়ির কাজ ও শিক্ষার্থী-শিক্ষক যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
কিন্তু শেখার ওপর এআইয়ের প্রভাব নিয়ে উদ্বেগ স্কুল ও গুগলের মধ্যে লড়াই বাধিয়ে দিয়েছে। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের দুই বৃহত্তম স্কুল জেলা নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেস শিক্ষার্থীদের জেনারেটিভ এআই ব্যবহারের ওপর এক বছরের স্থগিতাদেশ ঘোষণা করে। গুগল তখন জানায়, সার্চ পণ্য থেকে এআই আলাদা করা সম্ভব নয়। স্কুলগুলো এখন অন্য ইন্টারনেট সার্চ সরবরাহকারীর কথা ভাবছে।
গত আগস্টে গুগল ক্লাসরুম ব্যবহার করা অনেক কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর জন্য নিজেদের জেমিনি চ্যাটবট চালু করে দেওয়ার কথা জানালে বিতর্ক আরও বাড়ে। এর কয়েক সপ্তাহ পর নিউইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলেসের স্কুল জেনারেটিভ এআই নিষিদ্ধ করে।
নিউইয়র্কে নিষেধাজ্ঞা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর জন্য প্রযোজ্য। আর লস অ্যাঞ্জেলেসে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য স্কুলের ডিভাইসে এআই ব্যবহার নিষিদ্ধ। দুই জেলাই বলেছে, এই শিক্ষাবর্ষে এআই নীতি তৈরির সুযোগ দিতেই এই নিষেধাজ্ঞা।
নভেম্বরের শুরুতে গুগল অবস্থান বদলায়। একটি ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, আগামী কয়েক মাসের মধ্যে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণির স্কুলগুলোর জন্য জেমিনি ও সব সার্চ সরঞ্জাম ডিফল্টভাবে বন্ধ করে দেওয়া হবে। কোনো সরঞ্জাম ব্যবহার করতে চাইলে স্কুলের প্রশাসকদের তা আলাদা করে চালু করতে হবে। গুগল বলেছে, স্কুলগুলোকে আরও বেশি পছন্দের সুযোগ দিতেই এই পরিবর্তন। তবে এআই পুরোপুরি বন্ধ করার পছন্দ সেখানে নেই।
ব্লগ পোস্টে স্পষ্ট করে বলা হয়নি যে এআই ছাড়া সার্চ ব্যবহার করা যাবে না। তবে গুগলের শিক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস ফিলিপস বলেন, সার্চ ও এআই গভীরভাবে জড়িয়ে আছে। স্কুল এআই নিষিদ্ধ করলে শিক্ষার্থীরা সার্চ ব্যবহার করতে পারবে না এবং স্কুলের পক্ষ থেকে একটি বার্তা দেখবে যে এটি পাওয়া যাচ্ছে না।
গুগল ২০২৫ সালে এআই ওভারভিউ চালু করে। এখন গুগল সার্চ ব্যবহারকারী যে কেউ অনেক সার্চের ফলে এআই দিয়ে তৈরি উত্তর পান। গুগল জোর দিয়ে বলছে, এআই ওভারভিউ এখন তাদের সার্চ পণ্যের অবিচ্ছেদ্য অংশ এবং একে আলাদা করা যায় না।
চলতি মাসের শুরুতে গুগলের কয়েক শ কর্মী একটি আবেদনে স্বাক্ষর করে প্রতিষ্ঠানের নেতৃত্বের কাছে দাবি জানান, স্কুলগুলোকে যেন সার্চ ব্যবহারের সুবিধা ব্যাহত না করে এআই সুবিধা বন্ধ করার সুযোগ দেওয়া হয়। আবেদনে বলা হয়, সিদ্ধান্তটি সংবাদমাধ্যমে যেভাবে প্রকাশিত হয়েছে তা দুর্বল এবং এতে গুগল ও তাদের শিক্ষা ও সার্চ পণ্যকে এমন দেখাচ্ছে যেন তারা এআই ব্যবহার না করার জন্য স্কুলগুলোকে শাস্তি দিচ্ছে।
আবেদনে আরও বলা হয়, শ্রেণিকক্ষে এআই নিয়ে অনেক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের উদ্বেগ আছে, যা অনেক স্কুল জেলার স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা থেকেই বোঝা যায়। ব্যবহারকারীকে সম্মান করা এবং তাদের উদ্বেগের কথা শোনা আমাদের কাজ।
গুগল বলছে, শিক্ষার্থীরা এআই দিয়ে শেখার শর্টকাট নিচ্ছে বলে অভিভাবক ও শিক্ষকদের উদ্বেগের কথা তারা শুনছে এবং শিক্ষার্থীদের শিখতে সাহায্য করার একই লক্ষ্য তাদেরও আছে। কিন্তু অভিভাবক ও শিক্ষকেরা যা চান, অর্থাৎ এআই পুরোপুরি এড়িয়ে ২০২৪ সালের মতো করে গুগল সার্চ ব্যবহার করা, তা গুগল দেয় না।
ফলে যুক্তরাষ্ট্রের জেলাগুলোকে এখন শিক্ষার্থীদের এআই ব্যবহার সীমিত করা ও জনপ্রিয় সার্চ ইঞ্জিনের সুবিধা ধরে রাখার মধ্যে একটিকে বেছে নিতে হচ্ছে।
এআইমুক্ত সার্চ পণ্য দেওয়ার বদলে গুগল গাইডেড লার্নিং নামে একটি পরীক্ষামূলক সরঞ্জাম ঘোষণা করেছে। এটি শিক্ষার্থীদের দ্রুত উত্তর দেওয়ার বদলে ধাপে ধাপে জটিল সমস্যার মধ্য দিয়ে নিয়ে যাবে। সরঞ্জামটি এখনো পাওয়া যাচ্ছে না। শিক্ষকদের সঙ্গে অংশীদারিত্বে এসব অভিজ্ঞতা তৈরি করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গুগল।
লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলো শিক্ষাবর্ষের শুরুতেই স্কুলের দেওয়া ডিভাইসে গুগলের এআই মোড বন্ধ করে দিয়েছিল। জেলার প্রধান তথ্য কর্মকর্তা জ্যাক কেলানিক গত সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত স্কুল বোর্ড কমিটির বৈঠকে এ কথা জানান। শিক্ষক ও কর্মীদের এখনো এআই মোড ব্যবহারের সুযোগ আছে।
জ্যাক কেলানিক বলেন, আমরা এটিকে শিক্ষা প্যাকেজে এআইয়ের আরও গভীরে ঢুকে পড়া হিসেবে দেখছি। জেলার অগ্রাধিকারের সঙ্গে পরিবর্তনগুলো না মিললে জেলা গুগলের পণ্য ব্যবহারে বাধ্য নয় বলেও জানান তিনি। জ্যাক কেলানিক বলেন, আমাদের পছন্দ আছে। আমরা আক্ষরিক অর্থে রাতারাতি ডিফল্ট সার্চ ইঞ্জিন বদলে ফেলতে পারি।
ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি পাবলিক স্কুলসহ অন্যান্য জেলাও শিক্ষার্থীদের গুগল সার্চে এআই সারাংশ সরাতে প্লাগ-ইন তৈরি করেছে বলে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে। স্কুলগুলোতে মোবাইল ফোন ও স্ক্রিন টাইম নিয়ে বিরোধিতা দিয়ে শুরু হওয়া প্রযুক্তিবিরোধী ক্ষোভ এখন এআইয়ের দিকে ঘুরেছে। শিক্ষার্থীরা নিজেরা চিন্তা না করে এআইয়ের ওপর নির্ভর করছে বলে উদ্বেগ বাড়ছে।
লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের জেনারেটিভ এআই সংক্রান্ত অ্যাডহক কমিটির পরবর্তী বৈঠক আগামী ৯ ডিসেম্বর বসবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন