নভেম্বর ২৯, ২০২৬, ০৫:৪৬ এএম
সাতক্ষীরার শ্যামনগরে দুটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে চিংড়িতে জেলি পুশের দায়ে দুই মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় ৮০ কেজি চিংড়ি।
শনিবার সকালে উপজেলার নুরনগর বাজারের মৎস্য আড়তে এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
অভিযুক্ত মৎস্য ব্যবসায়ীরা হলেন শ্যামনগর উপজেলার নুরনগর বাজারের মো. হাবিবুল্লাহ ও মো. নুরুজ্জামান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নুরনগর বাজারের দুটি মৎস্য আড়তে চিংড়িতে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান চালায়।
এ অভিযানকালে অপদ্রব্য পুশের অপরাধে ওই দুই ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্ত মৎস্য ব্যবসায়ী হাবিবুল্লাহকে ৫০ হাজার ও ব্যবসায়ী নুরুজ্জামানকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দ করা ৮০ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসানসহ উপজেলা মৎস্য কর্মকর্তারা ও শ্যামনগর থানা পুলিশের একটি দল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন