রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

মার্কিন বিমানবাহিনী হ্যাকিংয়ের শিকার, নিরাপত্তা উদ্বেগ নাকচ পেন্টাগনের

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৫:৪৪ এএম

মার্কিন বিমানবাহিনী হ্যাকিংয়ের শিকার, নিরাপত্তা উদ্বেগ নাকচ পেন্টাগনের

পেন্টাগনের প্রতীক। প্রতীকী ছবি।

মার্কিন বিমানবাহিনীর কিছু সিস্টেম হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। তবে এতে সংবেদনশীল তথ্য কিংবা অপারেশনাল সক্ষমতার ওপর কোনো প্রভাব পড়েনি।

পেন্টাগনের মুখপাত্র সিন পার্নেল শুক্রবার বলেন, অভ্যন্তরীণ নেটওয়ার্কে সাইবার নিরাপত্তা ঘটনার পর নিরাপত্তা প্রোটোকল বাস্তবায়ন করা হয়েছে এবং এতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়েনি।

এনবিসি নিউজ জানিয়েছে, হ্যাকিংয়ের সঙ্গে চীন সমর্থিত হ্যাকারদের জড়িত থাকতে পারে। হামলার পর একটি ডিফেন্স ইনফরমেশন সিস্টেমস এজেন্সি নেটওয়ার্ক অফলাইনে নেওয়া হয়।

কম্পিউটার সিস্টেমের একটি অংশ হ্যাক হয়েছে বলে বিমানবাহিনী স্বীকার করেছে। তবে এ বিষয়ে তারা আর কোনো তথ্য দেয়নি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এজেন্সি পরিচালিত একটি নেটওয়ার্ক হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে পেন্টাগন স্বীকার করেছে। তবে প্রতিবেদনে প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছিল, এ হামলার পর বিমানবাহিনীতে উল্লেখযোগ্য নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। পেন্টাগন বলেছে, এ দাবি সম্পূর্ণ ভুল।

এর আগে এএফপিকে বিমানবাহিনী জানায়, তারা একটি সাইবার ঘটনা সম্পর্কে অবগত আছে এবং এটি কীভাবে ঘটেছে তা বোঝার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে। এএফপি প্রতিরক্ষা বিভাগের কাছে এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে বিমানবাহিনী ঘটনাটি স্বীকার করে। তবে প্রতিরক্ষা বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রয়টার্স জানিয়েছে, চীন হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। এনবিসি জানিয়েছে, এ ঘটনা সম্পর্কে অবগত দুজন ব্যক্তি চীন সমর্থিত হ্যাকারদের দিকে ইঙ্গিত করেছেন। তবে বিমানবাহিনী কিংবা পেন্টাগন কেউই এ বিষয়ে মন্তব্য করেনি।

গত মাসে মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে বড় ধরনের হামলা শনাক্ত করে চীন সমর্থিত সিল্ক টাইফুন হ্যাকার দলকে দায়ী করা হয়।