রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

ডানপন্থীদের ঠেকাতে সানচেজের শেষ মুহূর্তের প্রচার

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৫:১৭ এএম

ডানপন্থীদের ঠেকাতে সানচেজের শেষ মুহূর্তের প্রচার

পেদ্রো সানচেজ। ফাইল ছবি।

স্পেনকে পেছনের দিকে যাত্রা থেকে রক্ষা করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রোববারের নির্বাচন সামনে রেখে শুক্রবার প্রচারের শেষ দিনে তিনি এ আহ্বান জানান। নির্বাচনে রক্ষণশীল ও কট্টর ডানপন্থীদের জয়ী হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

আগামী ১২ মাসে ইউরোপে একাধিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব নির্বাচনের মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। এ কারণে স্পেনের রোববারের নির্বাচন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অন্যতম পরিচিত বামপন্থী নেতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুসংহত করেছেন সানচেজ। তবে দেশের অভ্যন্তরে তাকে নিয়ে তীব্র মতবিরোধ রয়েছে। ফলে আট বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা সানচেজের ক্ষমতায় থাকার বিষয়টি এখন ঝুঁকির মুখে। জনমত জরিপগুলোতে ধারাবাহিকভাবে তিনি প্রধান ডানপন্থী দল পপুলার পার্টির চেয়ে পিছিয়ে রয়েছেন। এবারের নির্বাচনেও পার্লামেন্টে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। তবে পিপি সবচেয়ে বেশি আসন পেতে পারে।

এ অবস্থায় স্পেনের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি অভিবাসনবিরোধী কট্টর ডানপন্থী দল ভক্সের ওপর নির্ভর করতে হতে পারে পিপিকে। দলটি নির্বাচনে তাদের আসনসংখ্যা দ্বিগুণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে কয়েকটি অঞ্চলে পিপির সঙ্গে যৌথভাবে সরকার পরিচালনা করছে ভক্স। এ ধরনের জোট হলে তা হবে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর ফ্যাসিবাদী সমর্থনপুষ্ট স্বৈরশাসনের অবসানের পর স্পেনের গণতন্ত্রে উত্তরণের ইতিহাসে প্রথম ঘটনা।

মাদ্রিদে প্রচারের শেষ সমাবেশে সানচেজ সতর্ক করে বলেন, পিপি ও ভক্সের সরকার গঠিত হলে সামাজিক অগ্রগতির বহু বছরের অর্জন উল্টে যাবে এবং জনসেবামূলক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়বে। তিনি বলেন, এই নির্বাচন স্পেনকে এগিয়ে নেওয়ার জন্য, পেছনে ঠেলে দেওয়ার জন্য নয়। অস্কারজয়ী স্প্যানিশ চলচ্চিত্র পরিচালক পেদ্রো আলমোদোভার বক্তব্যের পর তিনি এ কথা বলেন। জনগণের ক্ষমতা স্লোগান লেখা লাল টি-শার্ট পরা সানচেজ ভোটারদের ব্যাপক উপস্থিতির আহ্বান জানান। তিনি বলেন, প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা আমাদের নাগালের মধ্যেই রয়েছে।

২০২৩ সালের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েও সরকার গঠন করতে ব্যর্থ হওয়া পিপি নেতা আলবার্তো নুনিয়েজ ফেইখো সানচেজের ভীতির প্রচার বলে অভিহিত বক্তব্য প্রত্যাখ্যান করেন। দক্ষিণাঞ্চলীয় শহর সেভিয়ায় প্রচারের সমাপনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, যখন কোনো সরকারের দেওয়ার মতো কিছু থাকে না, তখন তারা শুধু ভয় দেখায়। এর অর্থ, তাদের দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই। গালিসিয়া অঞ্চলে ১৩ বছর সরকার পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন ফেইখো বলেন, সরকার পরিচালনার অর্থ হলো প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা। আর আমি সারা জীবন এই মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করেছি।

পূর্বাঞ্চলীয় শহর ভ্যালেন্সিয়ার একটি ষাঁড়ের লড়াইয়ের ময়দানে আয়োজিত সমাপনী সমাবেশে ভক্স নেতা সান্তিয়াগো আবাসকাল সমর্থকদের উদ্দেশে বলেন, ভয়ের কারণে ভোট দেবেন না। সাহস নিয়ে ভোট দিন। তিনি আরও বলেন, আমরা এমন একটি অপরাধী চক্রের বিরুদ্ধে লড়ছি, যার নেতৃত্বে রয়েছেন একজন নির্মম ও মিথ্যাবাদী ব্যক্তি। সানচেজ সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

মাদ্রিদের কমপ্লুতেন্স বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিশেষজ্ঞ পালোমা রোমান বলেন, প্রচারের শেষ কয়েক ঘণ্টা সানচেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সাধারণত ভোট দিতে যান না, তাদের ভোটকেন্দ্রে আনতে তাকে এ সময় কাজে লাগাতে হবে। এসব ভোটারের অধিকাংশই বামপন্থীদের সমর্থক। সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে সমাজতন্ত্রী ও পিপির মধ্যকার ব্যবধান কমে আসার ইঙ্গিত পাওয়া গেছে। এতে স্পেনের রাজনীতিতে বারবার ঘুরে দাঁড়ানো নেতা হিসেবে পরিচিত সানচেজের আরেকটি চমক দেখানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এ ধরনের ভোটার সমাবেশ বামপন্থী জোট ফ্রেন্তে আমপ্লিওর জন্যও সহায়ক হতে পারে। বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউয়ের নেতৃত্বাধীন এ জোট জনমত জরিপে পিছিয়ে রয়েছে। তবে ক্ষমতায় টিকে থাকতে সানচেজের এ জোটের সমর্থন প্রয়োজন হতে পারে। রোমান বলেন, রোববার ভোটার উপস্থিতি অনেক বেশি, সম্ভবত ৭৮ শতাংশ হতে পারে। তবে ডানপন্থী জোটকে ছাড়িয়ে যাওয়ার মতো সমর্থন বামপন্থীরা অর্জন করতে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

আন্তর্জাতিক অঙ্গনে নিজের ভূমিকার কথা তুলে ধরেছেন সানচেজ। বিশেষ করে অভিবাসনের পক্ষে তার সরব অবস্থান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধ এবং ইসরাইলের কঠোর সমালোচনার বিষয়গুলো তিনি প্রচারে গুরুত্ব দিয়েছেন। আবাসন সংকট নিয়ে মানুষের ক্ষোভকেও নির্বাচনী প্রচারে কাজে লাগানোর চেষ্টা করেছেন সানচেজ। এ মাসের শুরুতে ভাড়াটিয়াদের সুরক্ষায় কয়েকটি পদক্ষেপ নিয়েছে তার সরকার। গত অক্টোবরে জরুরি আবাসনসংক্রান্ত অধ্যাদেশ প্রত্যাখ্যান করে ডানপন্থীরা। এর জেরে সানচেজ ২০২৭ সালে অনুষ্ঠেয় নির্বাচন এগিয়ে এনে এ সপ্তাহের রোববার ভোটের তারিখ ঘোষণা করেন। জীবনযাত্রার ব্যয়ও ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয়। শুক্রবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।

অভিবাসনকে নির্বাচনী প্রচারের প্রধান বিষয় করেছে ভক্স। গত জুলাইয়ে মরক্কো থেকে হাজার হাজার অভিবাসী উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের সেউতা শহরে প্রবেশের পর দেশটির রাজনীতিতে বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম আফ্রিকা থেকে আসা অভিবাসীবাহী নৌকার সংখ্যা বেড়ে যাওয়ায় ক্যানারি দ্বীপপুঞ্জেও চাপ তৈরি হয়েছে। শুক্রবার উদ্ধারকর্মীরা জানান, এল হিয়েরোর কাছে একটি নৌকায় আট থেকে ১০ জন অভিবাসীর মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় সানচেজ সরকারের অভিবাসন নীতি নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।