রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

নেতানিয়াহু প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি, প্রস্তাব আইজেনকোটকে

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৩:১৯ এএম

নেতানিয়াহু প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি, প্রস্তাব আইজেনকোটকে

নেসেট ভবন। প্রতীকী ছবি, উইকিমিডিয়া কমন্স।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি হয়েছেন। চলমান রাজনৈতিক অচলাবস্থা কাটাতে প্রস্তাবিত জাতীয় ঐক্য সরকারের প্রথম মেয়াদে বিরোধীদলীয় নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে প্রধানমন্ত্রী করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই প্রস্তাব দেন নেতানিয়াহু। পোস্টে তিনি বলেন, আইজেনকোট প্রথমে জাতীয় ঐক্য সরকারের প্রধান হবেন, আর তিনি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশ গুরুতর হুমকির মুখে রয়েছে বলে উল্লেখ করেন নেতানিয়াহু। তিনি বলেন, দেশের স্বার্থে নিজের দায়িত্বের ক্ষেত্রে তাকে সবকিছু একপাশে সরিয়ে রাখতে হচ্ছে।

নেতানিয়াহু অবিলম্বে দুই পক্ষের মধ্যে গুরুতর আলোচনা শুরুর আশা প্রকাশ করেন। আইজেনকোটের পক্ষকেও সমঝোতায় আসার সদিচ্ছা দেখানোর আহ্বান জানান তিনি।

তার মতে, ইসরায়েলের অস্তিত্বের সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে সেই ঐক্যে কেবল তারাই থাকবে, যারা ইসরায়েলকে ইহুদি জনগণের জাতীয় আবাসভূমি হিসেবে স্বীকৃতি দেয়।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান ও চ্যানেল ১৩ জানিয়েছে, অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমেও এর আগে এই প্রস্তাব দেওয়া হয়েছিল।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহুর ডানপন্থি ও অতি-গোঁড়া ইহুদি দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আইজেনকোটের সম্ভাব্য বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন।

সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা আইজেনকোটকে গত ৮ নভেম্বর সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। জোট গঠনের জন্য তিনি ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বাড়ানো যাবে।

ইতোমধ্যে আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু পার্টি ও ইয়ার গোলানের ডেমোক্র্যাটদের সঙ্গে জোট চুক্তি করেছেন আইজেনকোট। তবে ক্ষমতাসীন লিকুদ পার্টির সঙ্গে জাতীয় সরকার গঠন নিয়ে মতবিরোধে আলোচনা জটিল হয়ে উঠেছে। আইজেনকোটের অভিযোগ, নেতানিয়াহুর দল সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দিতে পারেনি। বর্তমান সরকারব্যবস্থা বহাল রাখারও বিরোধিতা করেছেন তিনি।

তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল, জেরুজালেম পোস্ট