শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
বিহারে ব্যয়বহুল বিয়ে

মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি সামলাতে হিমশিম, বিহারের সড়কে তীব্র যানজট

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ০৫:২৭ পিএম

মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি সামলাতে হিমশিম, বিহারের সড়কে তীব্র যানজট

ভারতের বিহার রাজ্যে এক রাজনীতিকের মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথির সমাগম হওয়ায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর) বিহারের নাদাওয়া গ্রামে নিজের পারিবারিক বাড়িতে মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে ঋষিকেশ কুমারের বিয়ের আয়োজন করেন স্থানীয় বিধায়ক অনন্ত সিং।

বিশাল এই জনসমাগম সামলাতে আড়াই হেক্টর জায়গাজুড়ে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল।

অতিথিদের খাবারের তালিকায় ছিল ৫ লাখ পিস ঐতিহ্যবাহী মিষ্টি, যা তৈরিতে এবং অন্যান্য রান্নায় নিয়োজিত ছিলেন ৫০০ রাঁধুনি ও বাবুর্চি। খাসির মাংসের কাবাব ও তরকারি রান্নার জন্য প্রায় এক হাজার কেজি মাংস ব্যবহার করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গুরুত্বপূর্ণ অতিথিদের যাতায়াতের সুবিধার্থে তৈরি করা হয়েছিল ছয়টি অস্থায়ী হেলিপ্যাড।

বর ঋষিকেশ কুমার ১৫১টি গাড়ির বহর নিয়ে বিয়ের আসরে উপস্থিত হন। এ সময় তার পরনে ছিল সানগ্লাস এবং হাতে ছিল কমলা রঙের স্কার্ফ। বিয়েতে বরকে উপহার হিসেবে একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি দেওয়া হয়। এছাড়া চীন থেকে আনা ফুল দিয়ে পুরো অনুষ্ঠানস্থল সাজানো হয়েছিল এবং রাতে ছিল আতশবাজির ব্যবস্থা।

তবে এত বড় আয়োজনের ফলে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানস্থলমুখী সড়কগুলোতে গাড়ির দীর্ঘ সারি জমে যানজট সৃষ্টি হয় এবং অসংখ্য যানবাহন আটকা পড়ে। জানা গেছে, যানজট এড়াতে এক অতিথি ট্রাক্টরে চড়ে আশপাশের মাঠ পেরিয়ে বিয়ের অনুষ্ঠানে পৌঁছান।

সাধারণত বিয়েবাড়িতে নাচগানের প্রচলন থাকলেও অনন্ত সিং বিনোদনের জন্য ভিন্ন পথ বেছে নিয়েছিলেন। নাচগানের বদলে তিনি ঘোড়দৌড়ের আয়োজন করেন। কিন্তু খেলা দেখতে আমন্ত্রিত অতিথিদের বাইরেও বিপুলসংখ্যক মানুষ গাছ ও বিদ্যুতের খুঁটিতে উঠে পড়লে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ মুহূর্তে ঘোড়দৌড়টি বাতিল করতে হয়।

অনন্ত সিং বিহারের পাঁচবারের নির্বাচিত বিধায়ক। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণসহ ২৮টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে, যদিও তিনি কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। বিয়ের আগে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এর আগে তার বড় মেয়ের বিয়েতেও ঠিক একই ধরনের আয়োজন করেছিলেন।

ভারতে চলমান বিয়ের মৌসুমে দেশজুড়ে বিয়ের ধুম পড়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত পুরো ভারতে প্রায় ৫২ লাখ বিয়ে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।