নভেম্বর ২৭, ২০২৬, ০৪:৫১ পিএম
মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে শারীরিক ও পেশাগতভাবে অযোগ্য কর্মীকে যোগ্য দেখিয়ে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এমনকি এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সম্পূর্ণ বিনা খরচে গতকাল ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন এবং আগামী ৯ তারিখে আরও একটি দল দেশটিতে যাবে।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অধিকার রক্ষার বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল ফার্ম গঠনের কাজ চলছে।
পাশাপাশি যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিবন্ধন কার্ড থাকুক বা না থাকুক, প্রত্যেক নিহত প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
প্রবাসীদের সেবা ও সমস্যা সমাধানের উদ্যোগ তুলে ধরে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত নিরসনের লক্ষ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বক্তব্যের শেষে প্রবাসীদের উদ্দেশে যে দেশে অবস্থান করছেন সে দেশের প্রচলিত আইনকানুন মেনে চলার অনুরোধ জানান মন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন