নভেম্বর ২৭, ২০২৬, ০৩:৫৫ পিএম
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় পার্কিং করা লাব্বাইক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের ওই এলাকায় সাভারগামী লেনে দাঁড়িয়ে থাকা বাসটিতে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা পার্কিং করা ওই বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
ঘটনার সময় সড়কে থাকা পথচারীরা প্রথমে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, পার্কিং করা বাসটিতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছিল এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও তিনি নিশ্চিত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন