নভেম্বর ২৭, ২০২৬, ০৩:৪৩ পিএম
যুক্তরাষ্ট্রে বাংলা সিনেমা ও সিরিজের প্রচার এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে টোস্টার প্রোডাকশনের সঙ্গে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এই অংশীদারত্বের আওতায় প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে চরকির বাণিজ্যিক সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবে। শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে চরকির কনটেন্ট আরও সহজে পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় বাঙালি ও অবাঙালি দর্শকদের মধ্যেও বাংলা কনটেন্টের প্রচার বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে নতুন বাণিজ্যিক সম্ভাবনা ও অংশীদারত্ব তৈরিতেও কাজ করবে টোস্টার প্রোডাকশন।
টোস্টার প্রোডাকশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অভিনেত্রী নোভা ফিরোজ বলেন, দেশের বাইরে যারা বসবাস করেন, তারা জানেন দেশের কোনো কনটেন্ট দেখার জন্য প্রবাসীরা কতটা মুখিয়ে থাকেন। প্রবাসীদের এই চাহিদা চরকি দীর্ঘদিন ধরেই পূরণ করে আসছে। তাদের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের বাঙালি ও অবাঙালি দর্শকদের কাছে চরকিকে আরও সহজে এবং বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়া।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি এই উদ্যোগকে বাংলা কনটেন্টের বৈশ্বিক বাজার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাজারে চরকির কার্যক্রম আরও দৃঢ় করার মধ্য দিয়ে তারা নতুন একটি অধ্যায়ে প্রবেশ করছেন, যার ফলে সেখানকার দর্শকরা আরও সহজে এবং নিজেদের পছন্দ অনুযায়ী চরকির কনটেন্ট উপভোগ করতে পারবেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে নতুন বাণিজ্যিক সম্ভাবনা ও অংশীদারত্বের সুযোগ তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
পাঁচ বছরের যাত্রায় চরকি ‘ঊনলৌকিক’, ‘সিন্ডিকেট’, ‘শাটিকাপ’ ও ‘অ্যালেন স্বপন’-এর মতো সিরিজ এবং ‘নেটওয়ার্কের বাইরে’, ‘ঊনিশ২০’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’র মতো চলচ্চিত্র মুক্তি দিয়েছে। এ ছাড়া প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘তুফান’, ‘সুড়ঙ্গ’ ও ‘তাণ্ডব’-এর মতো চলচ্চিত্রও এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন