নভেম্বর ২৭, ২০২৬, ১২:৪২ পিএম
দীর্ঘ বিরতির পর আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) আবারও পরিচালনা পর্ষদের সভায় বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের বিসিবি ভবনে বিকেল তিনটায় এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দেশের ক্রিকেটের নীতিনির্ধারণী নানা বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আয়োজিত এবারের সভায় বেশ কয়েকটি বড় ইস্যু প্রাধান্য পাচ্ছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
এজেন্ডার শীর্ষে রয়েছে ঢাকার বাইরে আঞ্চলিক ক্রিকেট একাডেমি চালু করার পরিকল্পনা, ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে আয়োজনের প্রস্তাব এবং অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব আয়োজন সংক্রান্ত বিষয়াবলি।
এ ছাড়া বোর্ডের কয়েকটি স্থায়ী বিভাগের চেয়ারম্যান পদে পরিবর্তন আনার বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে। পাশাপাশি জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়ন, প্রধান কোচ পরিবর্তন এবং আগামীর ক্রিকেটীয় পরিকল্পনা নিয়েও পরিচালকরা মতবিনিময় করবেন।
অন্যদিকে নারী ক্রিকেট বিভাগের আসন্ন আন্তর্জাতিক সিরিজ এবং নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির বিষয়গুলোও শনিবারের বোর্ড সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন