শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
আন্তর্জাতিক ও ব্যবসা

মন্দিরে ১২১ কেজি স্বর্ণালংকার দান করে আলোচনায় ভারতের উদ্যোক্তা বর্ধমান জৈন

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ১১:২৬ এএম

মন্দিরে ১২১ কেজি স্বর্ণালংকার দান করে আলোচনায় ভারতের উদ্যোক্তা বর্ধমান জৈন

ভারতের তিরুমালা তিরুপতি দেবস্থানমস (টিটিডি) মন্দিরে ১২১ কেজি স্বর্ণালংকার দান করে দেশজুড়ে আলোচনায় এসেছেন চেন্নাইয়ের উদ্যোক্তা ও সমাজসেবী বর্ধমান জৈন। স্ত্রী রাধিকা জৈনকে সঙ্গে নিয়ে তিনি এই বিপুল পরিমাণ গহনা মন্দিরে হস্তান্তর করেন, যা টিটিডির ইতিহাসে অন্যতম বৃহৎ দান হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে এই দম্পতি মন্দির কর্তৃপক্ষের হাতে অলংকারগুলো তুলে দেন।

দানকৃত এই তালিকায় বিশেষভাবে তৈরি ৪৬টি স্বর্ণালংকার রয়েছে। এর মধ্যে মুকুট, হার, বাহুর অলংকার, কোমরের গহনাসহ অন্যান্য ঐতিহ্যবাহী অলংকার অন্তর্ভুক্ত এবং কয়েকটি অলংকারে হীরাও বসানো রয়েছে।

বিপুল স্বর্ণদানের কারণে নতুন করে আলোচনায় এলেও স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও আউটসোর্সিং খাতের একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা হিসেবে বর্ধমান জৈনের পরিচিতি রয়েছে। তিনি বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অ্যাকসেস হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এশিয়া (চেন্নাই) ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক পদেও রয়েছেন তিনি।

শিক্ষাজীবনে চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন বর্ধমান জৈন।

১৯৯৭ সালে অনুরাগ জৈনের সঙ্গে যৌথভাবে ভিশন হেলথসোর্স প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার ব্যবসায়িক যাত্রা শুরু হয়েছিল, যা চিকিৎসা বিল তৈরি এবং স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিমা দাবি ব্যবস্থাপনার কাজ করত। ২০০৩ সালে পেরট সিস্টেমস প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে নেয়। পরবর্তীতে ২০০৯ সালে ডেল পেরট সিস্টেমসকে অধিগ্রহণ করলে বর্ধমান জৈন ডেল সার্ভিসেসের বৈশ্বিক বিজনেস প্রসেস আউটসোর্সিং কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হন। সে সময় তিনি ১০০টিরও বেশি গ্রাহক প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম তদারকি করতেন এবং তার অধীনে প্রায় ৯ হাজার কর্মী কাজ করতেন।

পরবর্তীকালে অ্যাকসেস হেলথকেয়ার প্রতিষ্ঠা করে সেটিকে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আউটসোর্সিং ও প্রযুক্তি প্রতিষ্ঠানে রূপান্তর করেন তিনি। স্বাস্থ্যসেবার বিভিন্ন প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং মেশিন লার্নিং ব্যবহার করে থাকে। ২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান নিউ মাউন্টেন ক্যাপিটাল অ্যাকসেস হেলথকেয়ারের অধিকাংশ মালিকানা নেওয়ার কৌশলগত বিনিয়োগ ঘোষণা করে, যার পুরো লেনদেনের মূল্য ১৫০ কোটি থেকে ২০০ কোটি ডলার বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন বর্ধমান জৈন। শ্রী সরিতা জৈন ফাউন্ডেশন ট্রাস্টের ব্যবস্থাপনা ট্রাস্টি হিসেবে তিনি শিক্ষা, ক্ষুধার্তদের খাদ্য সহায়তা এবং জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমে যুক্ত রয়েছেন। সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘আবিষ্কার’ নামে একটি উদ্যোগ প্রতিষ্ঠা করেছেন এবং চেন্নাইয়ের কাঞ্চি কামাকোটি চাইল্ডস ট্রাস্ট হাসপাতালের মাধ্যমে শিশুদের স্বাস্থ্যসেবায় অবদান রাখছেন।

তিরুমালা মন্দিরের সঙ্গে বর্ধমান জৈনের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে এবং সর্বশেষ স্বর্ণদানের আগেও তিনি মন্দিরের বিভিন্ন উন্নয়নকাজে অর্থ ও উপকরণ দিয়েছেন। এর আগে শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেলের জন্য ৭ কোটি রুপি, টিটিডির গোশালায় গবাদিপশুর খাবার তৈরির মিশ্রণকেন্দ্র স্থাপনে ৫ কোটি রুপি এবং মুদ্রা বাছাইয়ের যন্ত্র ক্রয়ে ১ কোটি রুপি অনুদান দেন তিনি। এ ছাড়া মন্দির প্রাঙ্গণে ভক্তদের যাতায়াতের সুবিধার্থে বৈদ্যুতিক বাসও উপহার দিয়েছেন এই উদ্যোক্তা।