শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
কূটনীতি ও বাণিজ্য

বাংলাদেশ-জার্মানি অর্থনৈতিক সহযোগিতা ও নতুন বিনিয়োগের ক্ষেত্র বাড়াতে বৈঠক

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ১০:২৭ এএম

বাংলাদেশ-জার্মানি অর্থনৈতিক সহযোগিতা ও নতুন বিনিয়োগের ক্ষেত্র বাড়াতে বৈঠক

বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের ক্ষেত্র খুঁজতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও জার্মানি। জার্মানির রাজধানী বার্লিনে দেশটির পার্লামেন্ট বুন্ডেস্টাগের উন্নয়ন কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়। এর অংশ হিসেবে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা, ভিসা প্রক্রিয়া সহজ করা, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেছে।

আলোচনায় জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তির অভিবাসন, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো উঠে আসে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়েও মতবিনিময় করেন তারা।

এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং যুব বিনিময় কর্মসূচিতে পারস্পরিক অংশীদারত্ব বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টিও আলোচনায় স্থান পায়। বৈঠকে শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জার্মানির সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সংসদীয় কূটনীতি আরও গতিশীল করতে বৈঠকে দুই দেশের আইনপ্রণেতারা বাংলাদেশ-জার্মানি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়ে আলোচনা করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানির সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং এর পরিপ্রেক্ষিতে আগামী বছর একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন নিকোলাস জিপেলিয়াস।