বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
শূন্য ব্যয়ে বিদেশযাত্রা

মালয়েশিয়ায় প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ১০:২০ পিএম

মালয়েশিয়ায় প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিদায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দফায় ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এর মধ্য দিয়ে আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে আবার জনশক্তি রপ্তানি শুরু হলো। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে এভাবে পাঠানো হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন ও প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনও অনুষ্ঠানে ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, আজ ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন এবং পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার মানুষকে প্রায় বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হচ্ছে। দীর্ঘদিন বিষয়টি বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও শ্রমিক পাঠানো শুরু করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি দেশটির সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষাগত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মীদের আরও দক্ষ হিসেবে পাঠাতে পারলে তা কর্মী ও দেশ উভয়ের জন্যই লাভজনক হতো। সরকার ইতিমধ্যে বিভিন্ন দেশে গমনেচ্ছু শ্রমিকদের নানাভাবে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে বিদেশে কর্মক্ষেত্রে ভাষা একটি বড় বিষয় উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যেই বিভিন্ন দেশে গমনেচ্ছু কর্মীদের জন্য সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে।

বিদেশগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে প্রত্যেক কর্মীকেই বাংলাদেশ হিসেবেই চিনবে। তাই সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং আইনকানুন ও নিয়মকানুন যথাযথভাবে মেনে চলতে হবে। কর্মীরা যে প্রতিষ্ঠানে কাজ করবেন, সেখানে সুনামের সঙ্গে কাজ করলে তাঁদের দেখাদেখি ওই প্রতিষ্ঠান আরও বাংলাদেশি শ্রমিক নিতে উৎসাহিত হবে।

তিনি বলেন, "আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন, এই আশা করি।" সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বিদায়ী কর্মীদের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বক্তব্য শেষে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় নথিপত্র হস্তান্তর এবং বিদায়ী কর্মীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত কর্মীদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি আবারও মনে করিয়ে দেন, বিদেশের মাটিতে কর্মীদের কথাবার্তা, আচার-ব্যবহার ও কাজকর্মের ওপরই বাংলাদেশের ভাবমূর্তি নির্ভর করে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন রেমিট্যান্স যোদ্ধাদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নামে পৃথক মন্ত্রণালয় গঠিত হয়। সেই ধারাবাহিকতায় জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতিহাসে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে বিনা খরচে বিদেশে জনশক্তি রপ্তানি শুরু হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এরপর প্রতিমন্ত্রী নুরুল হক নুর মালয়েশিয়ার দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রথম শ্রমবাজারকেন্দ্রিক মালয়েশিয়া সফরের ফলেই এ বাজার আবার খুলেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও নির্দেশনায় মালয়েশিয়াগামী কর্মীদের শুভেচ্ছা জানিয়ে সেখানে দক্ষতার সঙ্গে কাজ করে বাংলাদেশের মান-মর্যাদা বাড়ানোর আহ্বান জানান।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তার পক্ষ থেকে তাঁদের আবাসন ও চিকিৎসা সুবিধা দেওয়া হবে। কর্মীদের অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।

রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়া প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়েছিল। কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে নিয়োগ বন্ধ হয়ে যায়। এর আগে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার খুলে দেওয়া এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান। বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।