বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
প্রধানমন্ত্রীর বিদায় সংবর্ধনা

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন কর্মী

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৩:৫৯ পিএম

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন কর্মী

বোয়েসেলের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে প্রথম দফায় ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। দেশে প্রথমবারের মতো কোনো অভিবাসন ব্যয় ছাড়াই কর্মী পাঠানোর এই যাত্রায় তাদের বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মী পাঠানোর মধ্য দিয়ে আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে আবার জনশক্তি রপ্তানি শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী কর্মীদের বিদায় জানাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে কর্মীরা কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এ সময় বিমানবন্দরে প্রবাসীকল্যাণমন্ত্রী ও বিমানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। কুয়ালালামপুর বিমানবন্দরে কর্মীদের স্বাগত জানাবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এসব তথ্য জানান।

মোহাম্মদ রাশেদুল হক বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হচ্ছে।

নির্বাচিত ১১২ জন কর্মী কাজ করবেন মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে। মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত, চুক্তি তিন বছরের এবং নবায়নযোগ্য। আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

‍‍`শূন্য মানে শূন্য‍‍` নীতিতে বাস্তবায়িত এই কর্মসূচিতে কর্মীদের বোয়েসেল কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে একটি টাকাও দিতে হয়নি। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ ও বিমাসহ বাংলাদেশ অংশে কর্মীপ্রতি খরচ ২৬ হাজার ৩৫০ টাকা। ভিসা ফি ও বিমান টিকিটের পুরো ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেল জানিয়েছে, কর্মীপ্রতি আনুমানিক দুই লাখ টাকা হিসাবে এই উদ্যোগে কর্মীদের মোট প্রায় ২ কোটি ১০ লাখ টাকা সাশ্রয় হচ্ছে।

কর্মী বাছাইয়ের প্রক্রিয়াটি ছিল দালালমুক্ত ও স্বচ্ছ। অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকে গণমাধ্যমের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারিতে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। পরে নিয়োগকারী প্রতিষ্ঠানের সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত হন ১১২ জন।

এই যাত্রা কেবল শুরু। মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নেওয়ার চাহিদা এসেছে। এর মধ্যে টপ গ্লোভে ৩৭৯ জন, ইউনাইটেড প্লান্টেশনে ৫২৫ জন এবং তাতাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ জন কর্মীর চাহিদা রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে এই প্রক্রিয়ায় মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর সুযোগ তৈরি হবে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে প্রথম ধাপের এই কর্মী নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে মালয়েশিয়া সরকার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু করতে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ জুলাই তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও দেশটির রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে বৈঠকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছিলেন।

২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়া প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়েছিল। কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে নিয়োগ বন্ধ হয়ে যায়। অতীতে জনপ্রতি সাড়ে চার লাখ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত খরচ করে অনেক কর্মীকে মালয়েশিয়ায় যেতে হয়েছে।

সরকারি এই কর্মসূচিতে কাউকে কোনো টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির নামে কেউ অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে বলে সতর্ক করা হয়েছে। নিয়োগসংক্রান্ত সব বিজ্ঞপ্তি কেবল বোয়েসেলের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।