বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
প্রবাসী প্রত্যাবাসন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৪:১৭ পিএম

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিমানবন্দরে ফিরে আসা প্রবাসীরা। ছবি: সংগৃহীত

স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মানবিক সহায়তার এই প্রত্যাবাসনে ফিরে আসাদের মধ্যে ত্রিপোলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। তাদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে চারটায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা ফিরে আসা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিরে আসাদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় গিয়েছিলেন। তাদের অনেকের বিরুদ্ধে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

আইওএমের পক্ষ থেকে ফিরে আসা প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থাও করা হয়েছে।

জনসচেতনতা বাড়াতে এই দুর্বিষহ অভিজ্ঞতার কথা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফিরে আসাদের প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। এ লক্ষ্যে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রেখে চলেছে দূতাবাস।

এর আগে গত মঙ্গলবারও লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক।