নভেম্বর ২৬, ২০২৬, ০৪:২৯ পিএম
কক্সবাজারের ইনানীতে পরিত্যক্ত নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন নেভানোর কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। দীর্ঘ ৩০ দিন পর শুরু হওয়া এই কার্যক্রমে বাপেক্সের ৫২ সদস্যের কারিগরি দল কেমিক্যাল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে কাজ করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে কারিগরি দলটি ঘটনাস্থলে পুরোদমে কাজ শুরু করেছে।
গত ২৭ অক্টোবর এক হাজার ফুট গভীর পর্যন্ত খনন করেও পানি না পাওয়ায় নলকূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। এর ১০ দিন পর সেখান থেকে প্রথমে পানি ও পরে আগুন বের হতে থাকে।
বাপেক্স প্রথমে এটিকে `পকেট গ্যাস` ভেবে ১৫ দিন পর্যবেক্ষণে রাখে। আগুন না নেভায় গ্যাসের চাপ ও তাপমাত্রা পরীক্ষা করে তারা সেখানে বড় গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা দেখছেন।
নেভানোর কাজে প্রথমে গর্তের ভেতর ৩০ ফুট কেসিং বসানো হবে, পরে পাইপ ও ড্রিলিং মেশিন ঢোকানো হবে। ড্রিলিং মেশিনের মাধ্যমে বিশেষ কেমিক্যাল প্রয়োগ করে আগুনের চাপ কমিয়ে আনা হবে।
চাপ কমে এলে সিমেন্টিংয়ের মাধ্যমে গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন