বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
আদালতপাড়ায় আতঙ্ক

সিএমএম আদালতের সামনে ককটেল, আইনজীবী আহত

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৪:২৮ পিএম

সিএমএম আদালতের সামনে ককটেল, আইনজীবী আহত

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেলের ঘটনা ঘটেছে। এতে একজন আইনজীবী আহত হয়েছেন। ঘটনার পরপরই সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত আইনজীবী ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দে পুরো আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত আইনজীবীকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

মোরশেদ আলম বলেন, আইনজীবী ও স্থানীয়রা সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল সাংবাদিকদের বলেন, সিএমএম আদালত ভবনের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রকৃত ঘটনা ও জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

খবর পেয়ে ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। সমিতির অফিস সম্পাদক মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করে বলেন, আদালত অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। জড়িতদের শক্ত হাতে প্রতিহত করতে আইনজীবীরা প্রস্তুত রয়েছেন বলেও তিনি জানান।

এর আগে গত ৯ নভেম্বর বিকেলে একই আদালতের প্রধান ফটকের সামনে একই ধরনের ঘটনা ঘটেছিল। সেবার দুজনকে ধরে পুলিশে দিয়েছিল জনতা। ওই ঘটনায় পরদিন সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন। পরে সেই মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।