নভেম্বর ২৬, ২০২৬, ০৪:০৮ পিএম
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতাই দুজনের ক্যারিয়ার দীর্ঘ করেছে বলে মনে করেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তাঁর মতে, দুজন একে অপরের বড় অনুপ্রেরণা ছিলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে ব্রাজিলের সাবেক ফুটবলার রোমারিওর সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।
গার্দিওলা বলেন, গোল ও শিরোপার প্রতিযোগিতা দুজনকেই নিজেদের ছাড়িয়ে যেতে তাগিদ দিয়েছে। কেউই অন্যজনকে ছাড়া এত দীর্ঘ সময় শীর্ষে থাকতে পারতেন না বলে তিনি মনে করেন।
রোনালদো প্রসঙ্গে তিনি বলেন, পর্তুগিজ তারকার জেতার মানসিকতা অসাধারণ। দুই পা ও মাথা - সবভাবেই গোল করার দক্ষতার প্রশংসা করেন তিনি।
মেসি প্রসঙ্গে গার্দিওলা বলেন, আর্জেন্টাইন তারকার ধারাবাহিকতা ব্যতিক্রমী। বার্সেলোনায় চার বছরে মেসিকে একদিনও অনুশীলন মিস করতে তিনি দেখেননি। প্রতি তিন দিনে ম্যাচে গোল বা অ্যাসিস্টের ধারাবাহিকতা ১৫ থেকে ২০ বছর ধরে রাখা প্রায় অসম্ভব বলে তিনি উল্লেখ করেন।
মেসির মানসিকতার সঙ্গে তিনি তুলনা করেন মাইকেল জর্ডানের।
প্রসঙ্গত, মেসি ও রোনালদো দুজনে মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি`অর। গার্দিওলার অধীনে বার্সেলোনা চার মৌসুমে জেতে ১৪টি শিরোপা, যার মধ্যে ছিল দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন