নভেম্বর ২৬, ২০২৬, ০২:০৩ পিএম
ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২৩২ বোতল অবৈধ পণ্য জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাতে ব্যাটালিয়নের অধীন চাপসার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয় এবং বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে অভিযানস্থলে তল্লাশি চালিয়ে ২৭ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২০৫ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপসহ সর্বমোট ২৩২ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৭২ হাজার ৩০০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান বজায় রেখে ব্যাটালিয়নটি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং চোরাচালানবিরোধী তৎপরতা জোরদারের মাধ্যমে চোরাকারবারিদের অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, "মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।"
তিনি আরও বলেন, "মাদক চোরাকারবারিদের কোনো অপতৎপরতাই বরদাশত করা হবে না। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।"

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন