সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:০৭ পিএম
ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ বিওপির সদস্যরা শুক্রবার (১১ সেপ্টেম্বর) পৃথক দুটি স্থানে এই অভিযান পরিচালনা করেন। জব্দকৃত এসব মাদকের মোট বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার ৮০০ টাকা।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ৩৪৯/৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ বালিহারা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় হিমালয়ান বিয়ার ব্র্যান্ডের ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
রাত ৯টা ৪০ মিনিটে পীরগঞ্জ উপজেলার চান্দরিয়া বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৩৩৭/৪-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে চান্দরিয়া এলাকায় দ্বিতীয় অভিযানটি চালায়। সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পালিয়ে যাওয়া কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীর এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন