নভেম্বর ৫, ২০২৬, ০৯:৪৬ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে রাজনৈতিক প্রতিপক্ষ ও ইট ব্যবসায়ী রিফাত কবিরের বিরুদ্ধে থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জল মিয়াকে অপহরণ, মারধর, স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ এবং পরবর্তীতে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে।
ঘোড়াঘাটের ওসমানপুর বাজারে নিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী উজ্জল মিয়া এই অভিযোগ তুলে ধরে আইনি প্রতিকার দাবি করেছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, ব্যবসায়িক সূত্রে হুমায়ুন কবিরের পুত্র রিফাত কবিরের ইটভাটা থেকে ইট ক্রয়ের চুক্তিতে তিন শ টাকার স্ট্যাম্প মূলে রিফাতকে ৬০ লক্ষ টাকা প্রদান করেছিলেন তিনি। কিন্তু রিফাত ইট সরবরাহ করতে ব্যর্থ হন। পরবর্তী সময়ে পূবালী ও সোনালী ব্যাংকের চেকের মাধ্যমে ৪০ লক্ষ টাকা ফেরত দিলেও বাকি ২০ লক্ষ টাকা পরিশোধ না করে টালবাহানা শুরু করেন ওই ব্যবসায়ী।
এরই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর রিফাত কবির বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেন এবং উজ্জল মিয়াকে গ্রেপ্তার করান। তবে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে আদালত সমস্ত কাগজপত্র পর্যালোচনা এবং জবানবন্দি শ্রবণ করে তাকে জামিনে মুক্তি প্রদান করেন।
সংবাদ সম্মেলনে এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী যুবদল নেতা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন