নভেম্বর ৫, ২০২৬, ০৭:২৩ পিএম
সারাদেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর স্টেডিয়াম প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে ক্রীড়া অঙ্গনে তাদের প্রতিভার বিকাশ ঘটানোর যে স্বপ্ন দেখেছিলেন, তার সফল বাস্তবায়নে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উজ্জীবিত করতে দেশব্যাপী এই আয়োজন শুরু হয়েছে। দিনাজপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও দিনাজপুর পৌরসভা, এবং এর সার্বিক তত্ত্বাবধানে ছিল জেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম এবং উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন শরিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা শিক্ষা অফিসার মো. খন্দকার আলাউদ্দিন আল আজাদ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মামুনুর রশিদ, জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান এবং উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম। নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা পরিচালনা করেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ও বিশিষ্ট রেফারি মো. ওবাইদুর রহমান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন